কেশবপুর প্রতিনিধি:
যশোরের কেশবপুরে পুলিশ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ শাহিন (৩৪) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে।
আজ বুধবার (২৯ জুলাই) দুপুরে পৌর শহরের গাজীর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহিন গাইবান্ধা জেলার খামার বোয়ালী গ্রামের আজগর আলীর ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুনের দিক-নির্দেশনায় একটি আভিযানিক দল গঠন করা হয়। পরবর্তীতে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোকলেচুর রহমান ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) ইসরাফিল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৌর শহরের গাজীর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে শাহিনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২০০ পিস ইয়াবাসহ আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক ও সন্ত্রাসমুক্ত উপজেলা গড়ে তুলতে থানা পুলিশের এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
