, , ,

আশাশুনিতে আম্ফান ঝড়ে ভাঙ্গা ২১৫ মিটার সড়ক ৬ বছরেও মেরামত হয়নি

আরো খবর

সমীর রায়, আশাশুনি : আম্ফানে ভেঙে যাওয়া মাত্র ২১৫ মিটার সড়ক ৬ বছরেও মেরামত করেনি পরিষদ থেকে প্রশাসন।

সরু বাঁশের সাঁকো দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া, শ্রীপুর, গোকুলনগর, সনাতনকাটি ও পার্শ্ববর্তী গ্রামের নারী, শিশু সহ কয়েক হাজার মানুষ। সাঁকোটিতে একই সময়ে একজনের বেশি মানুষ চলাচল করাও কঠিন। প্রশাসনিক নানা জটিলতায় পড়ে বিভাজিত সড়কের দু’পাশের মানুষেরা মানবেতর জীবন-যাপন করছে বিগত ৬ বছর ধরে।

 

প্রধান শিক্ষক নূর ই আযম সাংবাদিকদের জানান, ২০২০ সালে ২০ মার্চ প্রলয়ংকরী ঝড় আম্ফানে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে জোয়ার-ভাটার প্রবল স্রোতে কুড়িকাহুনিয়া গ্রামের মধ্যবর্তী সড়কের ২১৫ মিটার এলাকায় প্রায় ২০ ফুট গভীর খালের সৃষ্টি হয়। ফলে বিচ্ছিন্ন হয়ে পড়ে কয়েকটি গ্রামের মানুষের স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা। প্রায় ৪ বছর নৌকায় পার হয়ে প্রতাপনগর ইউনিয়ন পরিষদ হয়ে আশাশুনি সদরে আসতে হয়েছে। কুড়িকাহুনিয়া ও দৃষ্টি নন্দন প্রাথমিক বিদ্যালয় সহ আল আমিন মহিলা আলিম মাদ্রাসাটি সদর থেকে এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পক্ষান্তরে সড়কের (পশ্চিম পাশে) এপারে

প্রতাপনগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় সহ এপিএস কলেজ সহ একাধিক মাদ্রাসার শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

 

দু’পারের মানুষের যোগাযোগ ব্যবস্থার কিছুটা সচল করতে পরিষদের পক্ষ থেকে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে বাঁশের তৈরি প্রায় ২১৫ মিটার একটি সাঁকো তৈরি করা হয়। এই সাঁকোটিই এখন তাদের যাতায়াতের অবলম্বন হয়ে উঠেছে। গোকুল নগর ও সনাতনকাটি গ্রামের সড়ক একই ভাবে ভেঙে যাওয়ায় নৌকা দিয়ে পারাপারের ব্যবস্থা করা হয়েছে। সড়কটি পূণঃ নির্মাণ এখন সময়ের দাবি হয়ে উঠেছে।

স্থানীয় দফাদার অলিউল্লাহ জানান, সাঁকোটির নিচে এখনও প্রায় ৮/১০ ফুট গভীর পানি রয়েছে। সরু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় সাঁকো পার হওয়ার সময় সামান্য অসাবধানতাতেই পানিতে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক, গর্ভবতী নারী ও অসুস্থ রোগীদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

জরুরি প্রয়োজনে রোগী বা গর্ভবতী নারীকে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নেওয়াও কঠিন হয়ে পড়ে। এই সাঁকো ব্যবহার করে কুড়িকাহুনিয়া ও দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রতাপনগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, প্রতাপনগর সিনিয়র মহিলা মাদ্রাসা, প্রতাপনগর আল-আমিন মহিলা আলিম মাদ্রাসা ও কুড়িকাহুনিয়া মহিলা মাদ্রাসার প্রায় দুই হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। শিক্ষার্থীদের পাশাপাশি কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও প্রতিদিন এই সাঁকোর ওপর নির্ভরশীল। এছাড়া কুড়িকাহুনিয়া লঞ্চঘাটে যেতে হলে এই সড়কটি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

স্থানীয় আব্দুল খালেক বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি পুনর্নির্মাণের দাবি জানানো হলেও পরিষদ বা উপজেলা প্রশাসনের কোন উদ্যোগ নেই। তাই বাধ্য হয়েই অস্থায়ী বাঁশের সাঁকোটি বিকল্প যোগাযোগ ব্যবস্থা হয়ে উঠেছে। সংশ্লিষ্ট কয়েক হাজার মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে সড়কটি পূণঃ নির্মাণ করতে প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করছি।

 

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী বলেন, “আম্পানের পর থেকে সড়কটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে এলাকাবাসীর যাতায়াত সচল রাখতে সাড়ে তিন লক্ষ টাকা ব্যায়ে অস্থায়ীভাবে বাঁশের সাঁকো তৈরি করে কোনোরকমে চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা প্রকৌশলী অফিস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে সড়কটি মেরামতের জন্য আহ্বান করা হয়েছে। সড়কটি দ্রুত পুনর্নির্মাণ করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে মাননীয় এমপি মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।”

 

২১৫ মিটার ঝুঁকি পূর্ণ বাঁশের সাঁকোটির পরিবর্তে স্থায়ী সমাধানের জন্য কুড়িকাহুনিয়া লঞ্চঘাটগামী জনগুরুত্বপূর্ণ এ সড়কটি দ্রুত পুনঃ র্নির্মাণের ব্যবস্থা করতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সড়ক সংশ্লিষ্ট কয়েক হাজার ভুক্তভোগী সাধারণ জনগণ।

 

আরো পড়ুন

সর্বশেষ