সাতক্ষীরা প্রতিনিধি:
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন সরকারি আবাসন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঘটনার খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।
পুলিশ জানায়, ন্যাম ভবনের ওই ফ্ল্যাটের একটি কক্ষের ভেতর থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এখনও ঘটনাস্থলেই আছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত তদন্ত শেষে পরে জানানো হবে।
জানা গেছে, গত জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে সাতক্ষীরার আলোচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ওই সময় গাজী নজরুল ইসলাম ভিডিওতে থাকা ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেছিলেন।
এ ঘটনার জেরে নৈতিক স্খলনের অভিযোগ এনে গত ২২ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়
