ভ্রাম্যমান প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় কপোতাক্ষ নদের পাড়ের মাটি কাটার যেন মহোৎসব চলছে। প্রতিরাতে উপজেলার নারায়ণপুর গ্রামের জামতলা ঘাট সংলগ্ন নদীর অংশ থেকে শত শত ট্রাক মাটি কেটে বিভিন্ন ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে নদের পাড় ও আশপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে নদীর জামতলা ঘাট এলাকায় মাটি কাটার চিত্র দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে একের পর এক ট্রাকে করে নদীর অংশ থেকে মাটি তুলে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে এভাবে মাটি কাটার ফলে নদীর পাড়ের স্বাভাবিক গঠন নষ্ট হওয়ার পাশাপাশি ভাঙনের ঝুঁকিও বাড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয়রা জানান, পাতিবিলা এলাকার বিষে মেম্বারের নেতৃত্বে এ মাটি কাটার কাজ চলছে। এছাড়াও স্থানীয় কয়েকজনও এ কাজের সাথে জড়িত বলে তাদের দাবি।
স্থানীয়রা বলেন, কপোতাক্ষ নদ ও এর পাড় রক্ষা করা সবার দায়িত্ব। অবৈধভাবে মাটি কাটা বন্ধে দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন। তারা বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম বলেন, এটি আইনত অপরাধ। নদ বা নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
