, , ,

চৌগাছায় সার ডিলার নিয়োগের তালিকা নিয়ে বিতর্কের ঝড়

আরো খবর

চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় নতুন সার ডিলার নিয়োগের জন্য সুপারিশ করা তালিকা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তালিকায় আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তি, সার পাচারের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি এবং উপজেলার বাইরের বাসিন্দার নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলেছেন ডিলারশিপের আবেদনকারীদের একাংশ। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ২৪ ঘণ্টার মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দাবি করেছেন তাঁরা।

রোববার (১১ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দেওয়া এক লিখিত আবেদনে এ দাবি জানান মেসার্স শুকুর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মিজানুর রহমান। তিনি ১১ নম্বর সুখপুকুরিয়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা বলে আবেদনে উল্লেখ করেছেন। আবেদনে নতুন ডিলার নিয়োগের সুপারিশ করা তালিকা পুনর্বিবেচনা এবং অভিযোগের ব্যাখ্যা দেওয়ার দাবি জানানো হয়।

আবেদনসুত্রে জানা যায়, কৃষি মন্ত্রণালয় থেকে প্রকাশিত সার ডিলার নিয়োগের তালিকায় কয়েকজন বিতর্কিত ব্যক্তির নাম সুপারিশ করা হয়েছে। অথচ উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য, ব্যবসায়ী প্রতিনিধি ও কৃষক প্রতিনিধিদের সঙ্গে কথা বলে আবেদনকারীরা জানতে পেরেছেন, তালিকা প্রস্তুত ও পাঠানোর আগে তাঁদের সঙ্গে আলোচনা করা হয়নি বলে তাঁরা দাবি করেছেন। এমনকি তালিকায় কার কার নাম রয়েছে, সে বিষয়েও কমিটির অন্য সদস্যদের অবহিত করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

আবেদনে ১১ নম্বর সুখপুকুরিয়া ইউনিয়নের ‘বিশ্বাস ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী শ্যামল কুমার বিশ্বাসের আওয়ামী লীগ-সংশ্লিষ্টতা নিয়ে অভিযোগ তোলা হয়েছে। পাশাপাশি তাঁর ছেলে কনক বিশ্বাসের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ উল্লেখ করে তাঁকে ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেপ্তারের দাবি করা হয়েছে। আবেদনকারীদের মতে, তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

এ ছাড়া ৭ নম্বর জগদীশপুর ইউনিয়নের ‘মেসার্স আব্বি এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী ইমরাক আব্বি আসাদের স্থায়ী বাসস্থান যশোর সদর উপজেলায় বলে দাবি করা হয়েছে। বিতর্কিত এক কর্মকর্তার আত্মীয় হওয়ার কারণে তাঁর নাম অন্তর্ভুক্তিতে স্বজনপ্রীতির অভিযোগও তুলেছেন আবেদনকারীরা।

অন্যদিকে, ৪ নম্বর ধুলিয়ানী ইউনিয়নের ‘লিমন এন্টারপ্রাইজ’-এর সঙ্গে সংশ্লিষ্ট খাইরুল ইসলামের বিরুদ্ধে ২৭৮ বস্তা চোরাই সার জব্দ এবং অবৈধভাবে ৩৮ বস্তা সার পাচারের সময় আটকের পর জরিমানার বিষয়টি আবেদনে উল্লেখ করা হয়েছে। আবেদনকারীদের দাবি, এ ঘটনায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। এমন ঘটনার পরও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম ডিলার নিয়োগের সুপারিশের তালিকায় কীভাবে এলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

আবেদনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানতে চেয়েছেন, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা ও তাঁদের সম্মতি নিয়ে তালিকা প্রস্তুত করা হয়েছে, নাকি একক সিদ্ধান্তে নাম সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে অভিযোগগুলোর বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা না পাওয়া গেলে এবং বিতর্কিত সুপারিশের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হবেন বলেও উল্লেখ করা হয়েছে আবেদনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ফারজানা ইসলাম এ বিষয়ে একটি আবেদন পাওয়া গেছে বলে সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ