সাতক্ষীরা প্রতিনিধি :
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
বোর্ডের তথ্য অনুযায়ী, অকৃতকার্য প্রতিষ্ঠান দুটি হলো- সাতক্ষীরা সদর উপজেলার ইসলামিয়া মহিলা কলেজ এবং শ্যামনগর উপজেলার এ কে এম ফজলুল হক এমসি কলেজ।
ফলাফল বিবরণী অনুযায়ী, ইসলামিয়া মহিলা কলেজ থেকে ৩ জন পরীক্ষার্থী অংশ নিলেও তাদের কেউ উত্তীর্ণ হননি। অন্যদিকে এ কে ফজলুল হক এমসি কলেজ থেকে ৪৯ জন পরীক্ষার্থী অংশ নিলেও একজনও পাস করতে পারেননি।
এদিকে এ বছর সাতক্ষীরা জেলায় ২৩টি কেন্দ্রে ৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১১ হাজার ৫৯১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৫ হাজার ৩৬ জন। জেলায় সার্বিক পাসের হার ৪৩ দশমিক ৪৫ শতাংশ।
যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী স্বাক্ষরিত ৩১ অক্টোবর প্রকাশিত ফলাফল বিবরণীতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, যশোর বোর্ডের অধীনে এ বছর মোট ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি, এর মধ্যে সাতক্ষীরার এই দুটি প্রতিষ্ঠানও রয়েছে।
