শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) :
যশোরের চৌগাছায় অবৈধভাবে জমি থেকে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে জমির মালিক শাহিনুর রহমান (৩৬) কে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার স্বর্পরাজপুর পশ্চিমপাড়ার কাতলাকুড়ো পুকুরের পাশে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি.এ.এম. মুনিব। জরিমানার টাকা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
জরিমানাপ্রাপ্ত শাহিনুর রহমান স্বর্পরাজপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে। এর আগে গত রবিবার (৮ নভেম্বর) বিকেলে সরেজমিনে গিয়ে তার জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু কাটার বিষয়টি দেখতে পান স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, নিজের মালিকানাধীন জমি থেকে মাটি কেটে গভীর গর্ত তৈরি করেছেন শাহিনুর রহমান। এতে আশপাশের কৃষকদের ধানিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, নিষেধ করা সত্ত্বেও তিনি কারও বাধা মানছেন না।
স্থানীয় কৃষক লাল্টু বলেন, চার-পাঁচ দিন ধরে শাহিন নিজের জমি থেকে বালু ও মাটি কেটে বিক্রি করছেন। তাকে বাধা দিলেও তিনি কারও কথা তোয়াক্কা করছেন না।
স্থানীয় বাসিন্দা রাজু আহমেদ বলেন, এ কাজের কারণে আশপাশের জমির মালিক ও কৃষকেরা ক্ষতির মুখে পড়ছেন। কারণ, ওই এলাকার চারপাশেই কৃষিজমি রয়েছে।
এ বিষয়ে জমির মালিক শাহিনুর রহমান বলেন, পাশের একটি জায়গা ভরাট করার জন্য তিনি মাটি কেটেছিলেন। পরে অন্য জায়গা থেকে মাটি এনে ওই কৃষিজমি ভরাট করে দেবেন বলেও জানান তিনি।
এদিকে মঙ্গলবার দুপুরে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি.এ.এম. মুনিব। এ সময় মাটি পরিবহনের কাজে নিয়োজিত ট্রাকচালক বিপ্লব (৩২) পালিয়ে যান। পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী জমির মালিক শাহিনুর রহমানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার টাকা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি.এ.এম. মুনিব বলেন, কৃষিজমি ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানকালে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
