নিজস্ব প্রতিনিধি:
যশোরের শার্শায় অভিযান চালিয়ে ৫৯৬ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে শার্শা উপজেলার শ্রীকোনা গ্রামে মহেশভাঙ্গা খালের পাশে চতুর আলীর খড়ের গাদায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শার্শার শ্রীকোনা গ্রামের আব্দুল বারীর ছেলে মো. জাকির হোসেন (৩২) ও শহিদ আলীর ছেলে মো. মহিনুর ইসলাম (৩৩)।
এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খড়ের গাদার ভেতর থেকে ৫৯৬ বোতল উইনকেরিক্স উদ্ধার করা হয়। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের উদ্ধার করা আলামতসহ শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক, অবৈধ অস্ত্র ও বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।
