, , ,

জান্নাতে প্রবেশের সহজ ৪ আমল

আরো খবর

একাত্তর ডেস্ক:

দুনিয়ার জীবনে প্রতিটি মুমিনের স্বপ্ন—আল্লাহর সন্তুষ্টি অর্জন করে চিরশান্তির আবাস জান্নাতে প্রবেশ করা। তাই তো রাসুলুল্লাহ (সা.) এমন কিছু সহজ অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলের কথা বলেছেন, যেগুলো মানুষের জন্য জান্নাতের পথ সুগম করে।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বললাম, ‘হে আল্লাহর রাসুল! আপনাকে দেখলে আমার অন্তর প্রশান্ত হয় এবং আমার চোখ শীতল হয়। আমাকে সব বিষয়ে অবহিত করুন।’ তখন রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘প্রত্যেক জীবন্ত বস্তু পানি থেকে সৃষ্টি করা হয়েছে।’ আমি বললাম, ‘আমাকে এমন একটি আমলের কথা বলে দিন, যা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারব।
’ তিনি বললেন, ‘সালামের প্রচার করো, মানুষকে খাবার খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো এবং মানুষ যখন রাতে ঘুমিয়ে থাকে, তখন তুমি নামাজ আদায় করো। তাহলে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে।’ (মুসনাদে আহমদ, হাদিস : ৭৯৩২)

এই হাদিসে জান্নাতে প্রবেশের পথ সুগমকারী চারটি গুরুত্বপূর্ণ আমলের তাৎপর্য হলো,

১. সালামের প্রচলন করা

সালাম একজন মুসলমানের পক্ষ থেকে অন্য মুসলমানের জন্য শান্তি, নিরাপত্তা ও কল্যাণের দোয়া। সালামের মাধ্যমে মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব তৈরি হয়।
তাই পরিচিত-অপরিচিত সবার সঙ্গে সালামের আদান-প্রদান করা উচিত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর পরস্পরকে ভালো না বাসা পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না। আমি কি তোমাদের এমন একটি কাজের কথা বলব, যা করলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে? তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচার করো।’ (সহিহ মুসলিম, হাদিস : ৫৪)

২. মানুষকে খাবার খাওয়ানো

নিজের সামর্থ্য অনুযায়ী অসহায়, দরিদ্র, মিসকিন, প্রতিবেশী ও অভাবী মানুষের মুখে খাবার তুলে দেওয়া অনেক বড় নেক আমল।
এর মাধ্যমে মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ পায় এবং সমাজে ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়। আল্লাহ তাআলা নেককার বান্দাদের প্রশংসা করে বলেন, ‘তারা আল্লাহর ভালোবাসায় অভাবগ্রস্ত, এতিম ও বন্দিকে খাবার খাওয়ায়। তারা বলে, আমরা তো শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদের খাবার দান করি। আমরা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান কিংবা কৃতজ্ঞতা চাই না।’ (সুরা : দাহর, আয়াত : ৮-৯)

৩. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা

অনেক সময় সামান্য ভুল-বোঝাবুঝি, সম্পদের বিরোধ কিংবা পারিবারিক দ্বন্দ্বের কারণে আত্মীয়দের মধ্যে দূরত্ব তৈরি হয়। কেউ কেউ বছরের পর বছর আত্মীয়দের সঙ্গে কথা বলেন না, খোঁজখবর নেন না। অথচ একজন মুমিনের বৈশিষ্ট্য হলো, তিনি আত্মীয়তার বন্ধন অটুট রাখবেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।’ (সহিহ বুখারি, হাদিস : ৬১৩৮)

৪. রাতের নির্জনে নামাজ আদায় করা

যখন চারপাশের মানুষ ঘুমিয়ে থাকে, তখন একজন মুমিন আরাম-আয়েশ ত্যাগ করে আল্লাহর সামনে দাঁড়ান। তিনি নিজের ভুলত্রুটির জন্য ক্ষমা চান, আল্লাহর রহমত কামনা করেন এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ প্রার্থনা করেন। এ ইবাদত মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করে। আল্লাহ তাআলা মুত্তাকিদের গুণাবলি বর্ণনা করে বলেন, ‘তাদের পার্শ্বদেশ শয্যা থেকে আলাদা থাকে। তারা তাদের রবকে ভয় ও আশার সঙ্গে ডাকে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি, তা থেকে ব্যয় করে।’ (সুরা : সাজদা, আয়াত : ১৬)

আল্লাহ তাআলা আমাদের এসব আমল যথাযথভাবে পালন করার তাওফিক দান করে জান্নাতে যাওয়ার তাওফিক দান করুন। আমিন।

সূত্র: কালের কন্ঠ

আরো পড়ুন

সর্বশেষ