কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে একটি বেসরকারি ক্লিনিকে হামলা চালিয়ে মালিকসহ ৩ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে। এ সময় ক্লিনিকে ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণের চেইন লুট এবং চিকিৎসাধীন রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে এজাহার দিয়েছেন হাসপাতাল মালিক। বুধবার রাত ৮টার দিকে কালীগঞ্জ শহরের মুরগিহাটা মোড় এলাকায় অবস্থিত আনসার আলী প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ক্লিনিকের স্বত্বাধিকারী আলমগীর হোসেন (৪০),পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক (২২) এবং ক্লিনিকের ব্যবস্থাপক মাহাবুর রহমান (৩৩)। তাঁদের মাথায় গুরুতর আঘাতের কারণে আলমগীরের দুটি, তৌফিকের চারটি ও মাহাবুরের তিনটি সেলাই দিতে হয়েছে। তাঁরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
আলমগীর হোসেনের থানায় দায়ের করা এজাহারে হয়েছে, ঘটনার দিন রাত ৮টার দিকে মুরগিহাটা মোড়ে দুই যুবকের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে স্থানীয় ভাবে বিষয়টি মীমাংসা করা হয়। এ সময় ক্লিনিকের মালিক আলমগীর হোসেন সেখানে উপস্থিত ছিলেন। কিছুক্ষণ পর কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ক্লিনিকে গিয়ে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
আলমগীর হোসেনের অভিযোগ, হামলাকারীরা প্রথমে তাঁকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন। তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে তৌফিককে ধারালো চাইনিজ কুড়াল দিয়ে এবং ক্লিনিকের ব্যবস্থাপক মাহাবুরকে রামদা দিয়ে মাথায় আঘাত করা হয়। অন্যরা লোহার রড দিয়ে তাঁদের মারধর করেন। তাঁদের চিৎকারে ক্লিনিকের নার্স, আয়া ও অন্যান্য কর্মচারীরা এগিয়ে এলে তাঁদেরও মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ সময় ক্লিনিকের বিভিন্ন স্থানে ভাংচুর চালানো হয়। ক্যাশ থেকে আনুমানিক ১ লাখ ৭৫ হাজার টাকা এবং এক নার্সের গলা থেকে প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, আহত তিনজন থানায় এসেছিলেন। তাঁরা এজাহার দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
