বিশেষ প্রতিনিধি
যশোরে ফৌজদারি ও দেওয়ানি মামলা নিষ্পত্তিতে গতি ফিরে এসেছে। চলতি বছরের প্রথম ৯ মাসেই (জানুয়ারি-সেপ্টেম্বর) জেলার বিচারিক আদালতে ৫০৭টি মামলায় সাজা দেওয়া হয়েছে। যার মধ্যে শুধু যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে ৫৪ আসামির। একই সঙ্গে দেওয়ানি মামলা নিষ্পত্তির হার রেকর্ড ১৫৫.৪ শতাংশে দাঁড়িয়েছে।
১৪ নভেম্বর শনিবার সকালে যশোর জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলনে উপস্থাপিত পরিসংখ্যানে এসব তথ্য প্রকাশ করা হয়।
সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুনের সভাপতিত্বে সম্মেলনে তথ্যচিত্র উপস্থাপন করেন সিভিল জজ তুহিনুল ইসলাম ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমনা পাল।
সম্মেলনে উপস্থাপিত তথ্যচিত্রে যশোরের বিচার বিভাগের বিভিন্ন কার্যক্রম ও মামলার পরিসংখ্যান তুলে ধরা হয়। ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পুরো ১ বছরে দায়রা আদালতে ৬২৫ মামলায় সাজা দেওয়া হয়। ওই বছর ২৩ জনকে যাবজ্জীবন ও ১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সেখানে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৯ মাসেই ৪শ’ মামলায় সাজা দেওয়া হয়েছে। যার মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে ২৬ জনকে।
একই চিত্র ফুটে উঠেছে মাদকদ্রব্য মামলায়। ২০২৫ সালের সারা বছরের মাদক মামলায় সাজা হয়েছিল ৫৮ মামলায় রায়ের মধ্যে যাবজ্জীবন হয়েছিল ১৯ জনের। কিন্তু ২০২৬ সালের প্রথম ৯ মাসেই ১০৭ মামলার রায়ে ২৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, দেওয়ানি মামলায় বিচারিক কার্যক্রমেও এসেছে বড় সাফল্য। ২০২৫ সালে যেখানে নিষ্পত্তির হার ছিল ৮৩.১ শতাংশ। ওই সময় দায়ের করা মামলার সংখ্যা ৭,৩৫১টি ও নিষ্পত্তি হয়েছে ৬ হাজার ১০৭টি। সেখানে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৪,৩৯০টি নতুন মামলা দায়েরের বিপরীতে নিষ্পত্তি হয়েছে ৬,৮২২টি মামলা। ফলে দেওয়ানি মামলায় নিষ্পত্তির হার বেড়ে দাঁড়িয়েছে ১৫৫.৪ শতাংশ এবং বিচারাধীন মামলার সংখ্যা কমে ৩০ হাজার ২১টিতে নেমে এসেছে।
একই সঙ্গে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও মামলাজট কমাতে উল্লেখযোগ্য সংখ্যক মামলা নিষ্পত্তি হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তথ্য অনুযায়ী, বছরের শুরুতেই বিচারাধীন মামলার সঙ্গে নতুন দায়ের ও প্রাপ্তি মিলিয়ে বিপুল সংখ্যক মামলার বিচারকাজ পরিচালিত হয়েছে। এই সময়ে আদালতের বিভিন্ন ফৌজদারি ও জি.আর, সি.আর মামলার বিপরীতে মোট ১৩,৬৩৯টি মামলা নিষ্পত্তি হয়েছে।
যার মাধ্যমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ মামলার জট কমিয়ে বিচারপ্রার্থীদের দ্রুত সেবা দিতে সক্রিয় ভূমিকা পালন করছেন।সম্মেলনে অন্যান্যের মধ্যে স্পেশাল জজ (জেলা জজ) এস এম নূরুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আতোয়ার রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদ, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জিপি আবদুল মোহায়মেন, পিপি এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, দেবাশীষ দাস, কাজী ফরিদুল ইসলাম, এম এ গফুরসহ বিভিন্ন আদালতের বিচারকগণ ও আইন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিচারক ও আইন কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টায় মামলা নিষ্পত্তির গতি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। দ্রুত বিচার নিশ্চিতকরণ ও বিচারপ্রার্থীদের দীর্ঘসূত্রতা কমাতে আগামীতেও এই গতি বজায় থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
