, , ,

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১০ জেলে অপহৃত, স্বজনদের উদ্বেগ

আরো খবর

সাদনান রহমান সিয়াম ; সাতক্ষীরা:
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে মুক্তিপণের দাবিতে ১০ জন জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী জেলেদের স্বজন ও সুন্দরবন থেকে ফিরে আসা কয়েকজন জেলের দাবি, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের আমির আলী এবং দাতিনাখালী গ্রামের আলম সানার নেতৃত্বাধীন দুটি বাহিনীর পরিচয়ে এই অপহরণের ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন— শ্যামনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের রুবেল, ইমরান ও খোরশেদ, ছোটভেটখালী গ্রামের নুরুজ্জামান, কালিঞ্চি গ্রামের সিদ্দিক গাজী ও জহুর আলী, সিংহড়তলী গ্রামের সুরাত আলী এবং কয়রা উপজেলার মোমিন মোড়ল, দিদারুল ও ইমরান।

নাম প্রকাশ না করার শর্তে জিম্মি জেলেদের স্বজন ও ফিরে আসা জেলেরা জানান, প্রতিটি নৌকায় তিনজন করে জেলে ছিলেন। এ সময় জলদস্যুরা প্রতিটি নৌকা থেকে একজন করে জেলেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

তাদের ভাষ্য অনুযায়ী, অপহৃতদের মধ্যে নুরুজ্জামান, দিদারুল ও ইমরানসহ নয়জনের মুক্তির জন্য মাথাপিছু এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছে। তবে নৌকা নিয়ে বনের ভেতরে একা থাকায় সুরাত আলীর কাছে তুলনামূলক কম টাকা দাবি করা হলেও নির্দিষ্ট কোনো অংক এখনো জানা যায়নি।

এ ঘটনায় ভুক্তভোগী জেলে পরিবারগুলো ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলেন, বনবিভাগের গোন চুক্তি এবং বনদস্যুদের মাসিক চাঁদাবাজিতে তারা চরমভাবে অতিষ্ঠ হয়ে উঠেছেন। তারা এর দ্রুত ও স্থায়ী প্রতিকার চান।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলাম জানান, কয়েকজন জেলেকে অপহরণের বিষয়টি তারা জেলেদের মাধ্যমে জানতে পেরেছেন। খবর পাওয়ার পর বনবিভাগের টহল টিমের সদস্যরা সুন্দরবনের ভেতরে অভিযান চালিয়ে যাচ্ছেন। তবে বিশাল সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় কেবল বনবিভাগের এক পক্ষে জলদস্যুদের বিরুদ্ধে কার্যকর অভিযান চালানো বেশ দুরূহ ব্যাপার।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম বলেন, জলদস্যুরা সাধারণত জেলেদের জিম্মি করার পর পরিবারগুলো গোপনে তাদের সঙ্গে সমঝোতা করে ফেলে। যে কারণে জিম্মি জেলেরা মুক্তি পেয়ে ফিরে এলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো তথ্য দিতে রাজি হয় না। তবে মুক্তিপণের টাকা লেনদেনের কাজে ব্যবহৃত মোবাইল নম্বরগুলোর মালিক শনাক্ত করার মাধ্যমে দস্যুদের আটকে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ