নিজস্ব প্রতিবেদক, নড়াইল :
নড়াইলে নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে কলম বিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা। সোমবার (১৬ নভেম্বর) বিকেল তিনটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার নিকাহ রেজিস্ট্রাররা অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মাওলানা আবু বক্কার সিদ্দিক, আন্দোলন সমন্বয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আরিউদ্দিন বরবটি এবং লোহাগড়া উপজেলা কমিটির সভাপতি মো. বদরুজ্জামান।
সংগঠনের জেলা কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী বলেন,”আমরা সারাদেশে মানুষের পারিবারিক একটি গুরুত্বপূর্ণ কাজে নিয়জিত আছি এবং সকলেই দায়িত্ব যথাযথ ভাবে পালন করছি। প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড ভিত্তিক নিকাহ রেজিস্ট্রার নিয়োজিত আছে। বর্তমানে একটি মহল কাজীদের এই কর্মকাণ্ড বিভক্ত করার লক্ষ্যে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করছে।
সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে এই প্রতিবাদ সমাবেশ।আমাদের যার যে অবস্থান আছে সেটি নিশ্চিত করে রাখতে চাই। সারা মাসে একজন কাজী ১০ হাজার টাকাও আয় করতে পারে না। সেখানে যদি ইউনিয়ন ভাগ করা হয় তাহলে কাজীরা তাদের পরিবার পরিজন নিয়ে বাঁচতে পারবে না। সরকারের প্রতি আমাদের আবেদন বর্তমানে যে কাঠামো অনুযায়ী রেজিস্ট্রার নীতিমালা রয়েছে সেই কাঠামো অনুযায়ী রাখতে হবে। আমাদের পেটের ওপর যেন ছুরি মারা না হয়। এই দাবিতে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। আমাদের অধিকার যদি খর্ব করা হয় তাহলে রাজপথে নেমে আমাদের দাবি আদায়ে সর্বাত্মক প্রচেষ্টা অভ্যহত রাখব।
