মোঃ সোহাগ, কালীগঞ্জ (ঝিনাইদহ):
কয়েক মাসের পরিশ্রম, ঋণ আর ধারদেনা করে ধান আবাদ করেছিলেন কৃষকরা। স্বপ্ন ছিল, পাকা ধান ঘরে তুলে ঋণ পরিশোধ করবেন, পরিবারের অভাব ঘোচাবেন। কিন্তু সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে টানা দুই দিনের বৃষ্টি। জমিতে পানি জমে থাকায় বন্ধ রয়েছে মাঠের পাকা ধান কাটা। অন্যদিকে কেটে রাখা পাকা ধান বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ঝিনাইদহ জেলায় এখনো মাঠে রয়েছে প্রায় ৬৯ হাজার হেক্টর জমির আমন ধান। ফসল ঘরে তুলতে বিলম্ব হওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন ঝিনাইদহ ৬ উপজেলার হাজারো কৃষক।
ঝিনাইদহ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ঝিনাইদহ জেলায় ১ লাখ ৪ হাজার ৬০০ হেক্টরের বেশি জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এখনো ৬৮ হাজার ৯৭৪ হেক্টর জমির ধান কাটা হয়নি। জেলার মোট আমন আবাদি জমির বড় একটি অংশের ধান এখনো মাঠে রয়েছে। এমন সময়ে টানা বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় ধান কাটা ও ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা।কৃষি বিভাগের তথ্য অনুযায়ী,ঝিনাইদহ সদর উপজেলায় ২৫ হাজার ২৫২ হেক্টর, শৈলকুপায় ২৪ হাজার ৯৪৫ হেক্টর, কালীগঞ্জ উপজেলায় ১৮ হাজার ৭৩৪ হেক্টর, মহেশপুর ১৮ হাজার ১৫৫ হেক্টর, হরিণাকুন্ডু ১১ হাজার ২৩২ হেক্টর এবং কোটচাঁদপুর ৬ হাজার ১৮২ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। উপজেলা ভিত্তিক হিসাব অনুযায়ী ঝিনাইদহ জেলয় এবার মোট আবাদি জমির পরিমাণ ১ লাখ ৪ হাজার ৬০০ হেক্টর। এ বছর ধানের বাম্বার ফলনের সম্ভাবনা কৃষকরা ধারনা করছিল।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই পাকা ধান কাটার প্রস্তুতি নিচ্ছিল। কেউ কেউ ধান কেটে জমিতে রেখেছিলেন। কিন্তু হঠাৎ বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় ধান কাটা, শুকানো ও বাড়িতে নেওয়া কঠিন হয়ে পড়েছে। কোথাও কাটা ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবার জমিতে দাঁড়িয়ে থাকা পাকা ধানও ঝুঁকির মধ্যে রয়েছে। এতে ধানের গুনগত মান নষ্ট হওয়া ও ফলনহানির আশঙ্কা করছেন কৃষকরা।কৃষক জাহাঙ্গির আলম, সালা উদ্দিন, লিটন বিশ^াস বলেন, ধারদেনা করে জমিতে ধান আবাদ করেছেন। সার, বীজ, কীটনাশক, সেচ ও শ্রমিকদের পেছনে অনেক টাকা খরচ হয়েছে। এখন ধান ঘরে তোলার সময় এমন বৃষ্টিতে সব হিসাব এলোমেলো হয়ে গেছে। জমিতে পানি থাকায় ধান কাটার উপায় নেই। কেটে রাখা ধান রক্ষা করা যাচ্ছে না। এ ছাড়া ঝিনাইদহ জেলার ৬টি উপজেলায় গম আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ৩৮০ হেক্টর। জেলায় সরিষার আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩৫২৬ হেক্টর।
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টির কারনে গম বপনের সময় পারে কয়েক সপ্তাহ পিছিয়ে যেতে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর।
এ বিষয়ে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. আনিসুজ্জামান বলেন, টানা বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় ধান কাটায় বিঘœ সৃষ্টি হয়েছে। যেসব জমির ধান পেকে গেছে, সেসব জমির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করে আবহাওয়া অনুকূলে এলে দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে।
