ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলা উপলক্ষে স্থানীয় পোল্ট্রি, ডেইরি ও পশুখাদ্য ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা বা টাকা দাবির অভিযোগ উঠেছে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার
ডা: এ, এস, এম আতিকুজ্জামানের বিরুদ্ধে। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে জেল-জরিমানা করার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।
ভুক্তভোগী একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, আসন্ন প্রাণিসম্পদ মেলা আয়োজনের কথা বলে জেলা প্রাণিসম্পদ অফিস থেকে বিভিন্ন খামারি, ফিড ও ওষুধ ব্যবসায়ীর কাছে নির্দিষ্ট অঙ্কের টাকা দাবি করা হচ্ছে। সরকারিভাবে মেলা আয়োজনের জন্য আলাদা বরাদ্দ থাকা সত্ত্বেও ব্যবসায়ীদের ওপর এই অনৈতিক চাপ সৃষ্টি করায় তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
ব্যবসায়ীদের অভিযোগ, কেউ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বা কম দিতে চাইলে তাকে লাইসেন্স বাতিলসহ মোবাইল কোর্টের মাধ্যমে বড় অঙ্কের জরিমানা করার ভয় দেখানো হচ্ছে।
বিশ্বাস ফার্মেসির মালিক হাফিজ বিশ্বাস অভিযোগ করে বলেন,মেলা উপলক্ষে আমাকে ও আমার ম্যানেজার কে ফোন করে জেলা প্রাণী সম্পদ অফিসে ডাকা হয়।পরে আমাদের কাছ থেকে মেলা বাবাদ ১০ হাজার টাকার দাবি করেন জেলা প্রাণী সম্পদ কর্মকতা।আমরা দিতে অস্বীকার করলে তিনি হুমকি দিয়ে বলেন আপনার দোকানে মোবাইল কোর্ট দিয়ে জরমিনা করা হবে। পরের দিন আমাদের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ঝিনাইদহ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “মেলা সফল করতে ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা চাওয়া হয়েছে মাত্র, কাউকে কোনো ধরনের ভয়ভীতি বা মোবাইল কোর্টের হুমকি দেওয়া হয়নি।” এবিষয়ে জেলা প্রশাসক স্যার অবগত আছেন বলে দাবিও করেন তিনি।
এদিকে, সরকারি কর্মকর্তার এমন আচরণের সুষ্ঠু তদন্ত ও প্রতিকার চেয়ে জেলা প্রশাসক ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।
ঝিনাইদহ জেলা প্রশাসকের সাথে এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি।
