ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে আনন্দঘন ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে ক্যামব্রীজ একাডেমির ২০২৬ শিক্ষাবর্ষের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ২৯ নভেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. আতিয়ার রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি নরুননাহার মহিলা কলেজের সাবেক উপাঅধ্যক্ষ এন.এম শাহজালাল।এসময় আরো উপস্থিত ছিলেন অভিভাবক বৃন্দসহ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আলোচনা পর্বে বক্তারা শিক্ষার্থীদের আগামী দিনের সফলতা কামনা করেন এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীরা মাধ্যমিক স্তরে পদার্পণ করতে যাচ্ছে, যা তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তারা ক্যামব্রীজ একাডেমির সুনাম অক্ষুণ্ণ রাখবে বলে শিক্ষকরা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্লাস পার্টির আয়োজন করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলায় পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
