খুলনা প্রতিনিধি:
খুলনার সন্ত্রাসী ইমরানসহ পাঁচ সহযোগিকে গ্রেপ্তার করেছে এসআরবি। শনিবার দিনগত রাত ৩টা ৫০ মিনিটের দিকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয় তাদের। এ সময় তাদের কাছ থেকে বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, খুলনার রূপসা উপজেলার দেয়াড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইমরান, আইচগাতি এলাকার আনোয়ার খানের ছেলে ইমন খান, রাজাপুর এলাকার আব্দুর রশিদের ছেলে মো: আল আমিন, বাহাপুর এলাকার মো: রুহুল মুন্সির ছেলে রফিকুল ইসলাম ও আইচগাতি এলাকার আব্দুল হালিম সিকদারের ছেলে হানিফ সিকদার।
এসআরবি’র প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি ৬ ও ২ এর সদস্যরা ঢাকার মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উল্লিখিত আসামিদের বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।
এসআরবি’র প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার ইমরান খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ডান হাত ও শুটার। তাদের বিরুদ্ধে খুলনার আদালত চত্বরে জোড়া খুন, রূপসার চাঞ্চল্যকর জয় ঢালী ও তার পিতা আক্তার ঢালী হত্যাসহ বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে হস্তান্তর করা হয়।
