বিশেষ প্রতিনিধি
যশোরের অভয়নগরে ১০ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের মামলায় রুস্তম মোড়ল (৭০) নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ আতোয়ার রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রুস্তম মোড়ল অভয়নগর উপজেলার গাজীপুর গ্রামের মোড়লপাড়ার মৃত রাহেন উদ্দিন মোড়লের ছেলে।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় শিশুটির মা প্রতিবেশীর বাড়িতে যান। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে রুস্তম মোড়ল ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণ করেন। পরে প্রতিবেশী শাহানারা বেগম বাড়িতে গিয়ে ডাকাডাকি করলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় শিশুটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে রুস্তম মোড়লকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত রুস্তম মোড়ল বর্তমানে কারাগারে রয়েছেন।
