, , ,

কেশবপুরে মৎস্য ঘের থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার, রহস্যের জট খুলতে মাঠে সিআইডি

আরো খবর

কেশবপুর প্রতিনিধি:

পেটের তাগিদে সাতক্ষীরার শ্যামনগর থেকে যশোরের কেশবপুরে দিনমজুরের কাজ করতে এসেছিলেন ৬৫ বছর বয়সী আনসার গাজী। কিন্তু মাস না পেরোতেই কেশবপুরের মোমিনপুর দেলঘাটা বিলের একটি মৎস্য ঘের থেকে উদ্ধার হলো তাঁর নিথর দেহ।

বুধবার (১৮ নভেম্বর) সকালে টিটাবাজিতপুর গ্রামের এরশাদের মালিকানাধীন ওই ঘেরের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

​প্রাথমিকভাবে পুলিশ কোনো সন্দেহজনক আলামত না পাওয়ার কথা জানালেও, বিকেলে কর্মরত অবস্থায় হঠাৎ নিখোঁজ হওয়া এবং পরদিন সকালে পানিতে মরদেহ ভেসে ওঠার ঘটনায় এলাকায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে থানা পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

​

নিহত আনসার গাজীর বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভেটখালি গ্রামে। ঘের মালিক এরশাদ জানান, গত ২ নভেম্বর ডুমুরিয়া বাজার থেকে মাসিক ১১ হাজার টাকা বেতনে আনসার গাজীকে ঘেরের কাজের জন্য নিয়ে আসা হয়।

​ঘের মালিকের ভাষ্যমতে, মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলেও আনসার গাজী ঘেরের ভেতরেই কাজ করছিলেন। কিন্তু কিছুক্ষণ পর তাঁকে আর সেখানে দেখা যায়নি। আশপাশের বাজার ও পরিচিতজনদের কাছে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান না পেয়ে রাতেই তাঁর পরিবারকে নিখোঁজের বিষয়টি জানানো হয়। এর কয়েক ঘণ্টা পর, বুধবার সকালে ঘেরের পানিতে তাঁর মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা।

মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে ঘেরের পাড়ে উৎসুক জনতার ভিড় জমে।

​

হঠাৎ এমন মৃত্যুর খবরে বাকরুদ্ধ নিহতের পরিবার। আনসার গাজীর স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “সংসারের অভাব মেটাতে মানুষটা দিনমজুরের কাজ করতে গিয়েছিল। রাতে শুনলাম খুঁজে পাওয়া যাচ্ছে না, আর সকালে শুনি লাশ পাওয়া গেছে।

​

খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ঘটনার গুরুত্ব বিবেচনায় সিআইডির একটি বিশেষজ্ঞ দলও ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহের চেষ্টা চালায়।

​কেশবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজবাহ ইসলাম জানান, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে সন্দেহজনক কোনো আঘাতের চিহ্ন বা আলামত পাওয়া যায়নি। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে তদন্ত অব্যাহত রয়েছে।

​এদিকে সিআইডির সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু, দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

​ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই বৃদ্ধ আনসার গাজীর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরো পড়ুন

সর্বশেষ