আলমগীর হোসেন, বেনাপোল(যশোর):
জীবনের শেষ প্রান্তে এসেও থামেনি বেঁচে থাকার সংগ্রাম। বয়সের ভারে শরীর ক্লান্ত, তবু পেটের দায়ে প্রতিদিন সকালেই কাদা-পানিতে নামতে হয় তাঁদের। কখনো বিল, কখনো খাল, কখনো পুকুর কিংবা নদীতে শামুক খুঁজে বেড়ান স্বামী-স্ত্রী দুজন। শামুক বিক্রির সামান্য টাকায় কোনো রকমে চলে তাঁদের সংসার।
যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের কালীয়ানি গ্রামের তহুরা খাতুন ও তাঁর স্বামী রাশেদ হোসেনের জীবনের গল্প এটি। রাশেদ হোসেন পেশায় একজন ভ্যানচালক। কিন্তু ভ্যান চালিয়ে যে আয় হয়, তা দিয়ে সংসারের খরচ মেটানো সম্ভব হয় না। তাই বাড়তি আয়ের আশায় স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রতিদিন শামুক কুড়াতে বের হন তিনি।
সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত চলে তাঁদের শামুক সংগ্রহের কাজ। দুজন মিলে প্রতিদিন প্রায় ৮ থেকে ১০ কেজি শামুক কুড়ান। পরে সেগুলো বিক্রি করে যে টাকা পান, তা দিয়েই সংসারের প্রয়োজন মেটানোর চেষ্টা করেন। শামুক কুড়ানো শেষে বাড়ি ফিরে রান্নাবান্নাসহ সংসারের অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়েন তহুরা খাতুন।
তহুরা খাতুন বলেন, প্রতিদিন আমরা দুজনে মিলে ৮ থেকে ১০ কেজি শামুক কুড়াই। প্রতি কেজি শামুক ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রি করি। এই সামান্য টাকায় সংসার চালানো খুব কঠিন। ৬০ বছর বয়সেও পেটের দায়ে পানিতে নেমে কাজ করতে হচ্ছে। এভাবে আর পারছি না। সরকার যদি আমাদের একটু সহযোগিতা করত, তাহলে বাকি জীবনটা ভালোভাবে কাটাতে পারতাম।
স্থানীয় বাসিন্দা কালাম হোসেন বলেন, ‘তাঁরা খুবই অসহায়। বয়সের এই পর্যায়েও জীবিকার জন্য কষ্ট করে শামুক কুড়াতে হয়। তাঁদের পাশে দাঁড়ানো প্রয়োজন। সরকারিভাবে সহযোগিতা পেলে তাঁরা বাকি জীবনটা কিছুটা সুন্দরভাবে কাটাতে পারবেন।’
একদিকে বয়সের ভার, অন্যদিকে সংসারের অভাব এই দুইয়ের সঙ্গে প্রতিদিন লড়াই করছেন তহুরা ও রাশেদ দম্পতি। তাঁদের নেই বড় কোনো চাওয়া। একটু আর্থিক সহায়তা, দুবেলা খাবারের নিশ্চয়তা আর শেষ বয়সে একটু স্বস্তিতে বেঁচে থাকার আকাঙ্ক্ষাই তাঁদের একমাত্র প্রত্যাশা।
কালীয়ানি গ্রামের এই দম্পতির জীবনসংগ্রাম যেন সমাজের অসহায় মানুষের বাস্তব চিত্র। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে তাঁদের প্রত্যাশা, সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় তাঁদের সহযোগিতার ব্যবস্থা করা হোক।
শামুক কুড়িয়ে আর কত দিন চলবে তাঁদের জীবন? শেষ বয়সে এসে তহুরা-রাশেদের মুখে একটু হাসি ফোটাতে এগিয়ে আসবে কি সমাজ ও সরকার?
