সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে পলাশ মন্ডল (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের এক ব্যক্তি তার ৩০ বছর বয়সী প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে আশাশুনি থানায় মামলা করেন। এজাহারে অভিযোগ করা হয়, গত ১৫ এপ্রিল রাত আনুমানিক ৮টার দিকে ফকরাবাদ মৌজায় আসামির মৎস্য ঘেরের বাসার ভেতরে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করা হয়।
অভিযোগের ভিত্তিতে আশাশুনি থানায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. ফিরোজ আলম রবিবার রাতে এজাহার নামীয় আসামি ফকরাবাদ গ্রামের নরেন্দ্রনাথ মন্ডলের ছেলে পলাশ মন্ডলকে তার বসতবাড়ি থেকে গ্রেপ্তার করেন।
পরে গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, গত ১৫ এপ্রিলের ওই ঘটনার বিষয়ে বাক ও মানসিক প্রতিবন্ধী তরুণীর একটি সংক্ষিপ্ত ভিডিও বক্তব্য প্রতিবেদকের হাতে এসেছে। ভিডিওতে তিনি ঘটনার বিষয়ে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। ভিডিও বক্তব্য ও পুলিশের মামলার এজাহারে উল্লিখিত তথ্যের মধ্যে সামঞ্জস্য পাওয়া গেছে। ভিকটিমের বাবা সাংবাদিকদের জানান, ধর্ষণের ঘটনা জানাজানি হওয়ার পর গ্রামের কয়েকজন শালিস বৈঠকে বিষয়টি সমাধান করে দেবেন বলে কালক্ষেপণ করে আলামত নষ্ট করার চেষ্টা করে।
লম্পট পলাশ গ্রেফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাকে হুমকি ধামকি দিয়ে এসেছে। আমি লম্পট পলাশের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।###
