কেশবপুর প্রতিনিধি:
যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ব্যতিক্রমী ও জনসম্পৃক্ত উদ্যোগ নিয়েছেন। সরকারি আনুষ্ঠানিক উদ্যোগের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি নিজেই বিলের পানিতে নেমে কচুরিপানা ও শ্যাওলা অপসারণের কাজে সরাসরি অংশ নেন।
২২ আগস্ট কেশবপুরের বিভিন্ন বিল অঞ্চল এবং ভবদহের ডায়ের খালে (যাকে ২৭ বিলের দুঃখ হিসেবে আখ্যায়িত করা হয়) এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় এমপি মোক্তার আলী জলজ আবর্জনা ও শ্যাওলা টেনে তুলে পানি প্রবাহ স্বাভাবিক করার কাজে স্বেচ্ছাসেবকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন।
এ কর্মসূচিতে মনিরামপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি খলিলুর রহমান, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম মুনজুর রহমান সহ মনিরামপুর ও কেশবপুর জামায়াতে ইসলামী এবং অন্যান্য সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বিল ও খালগুলোতে কচুরিপানা জমা হয়ে পানি নিষ্কাশন পুরোপুরি বাধাগ্রস্ত হচ্ছিল। ফলে সামান্য বৃষ্টিতেই কৃষি জমি, রাস্তাঘাট ও বসতবাড়িতে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়। এমপি নিজে পানিতে নেমে কাজ করায় স্থানীয়দের মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।
সুফলাকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম মুনজুর রহমান জানান, পর্যায়ক্রমে কেশবপুরের ২৭টি বিলের পানি প্রবাহ স্বাভাবিক করার লক্ষ্য নিয়ে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। এর মাধ্যমে দ্রুত এলাকার জলাবদ্ধতা নিরসন হবে এবং কৃষি ও জনজীবনে কাঙ্ক্ষিত স্বস্তি ফিরবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় এলাকাবাসী।
