, , ,

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বিষয়ে মণিরামপুরে কর্মশালা

আরো খবর

মোঃ আরিফুল ইসলাম, মনিরামপুর(যশোর):
গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে যশোরের মনিরামপুরে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার(৭ জুন) স্থানীয় মনিরামপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন। গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী অনুপম কুমার ঘোষ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু সাঈদ, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস.এম. মজনুর রহমান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার শিকদার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, বেসরকারি সংস্থা রিব-এর প্রকল্প সমন্বয়কারী খালিদ হাসান।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন বলেন, “গ্রাম আদালত হচ্ছে সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারসেবা নিশ্চিত করার একটি কার্যকর ব্যবস্থা। গ্রাম আদালতকে আরও বেশি জনমুখী করতে হলে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠন এবং সংশ্লিষ্ট সকল অংশীজনকে একযোগে কাজ করতে হবে।”

 

তিনি আরও বলেন, “গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনগণের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি হলে স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি হবে, মামলার সংখ্যা কমবে এবং সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।”
কর্মশালায় বক্তারা গ্রাম আদালতের কার্যকারিতা, বিচারপ্রার্থীদের সহজে সেবা প্রাপ্তি, বিরোধ নিষ্পত্তিতে সময় ও অর্থ সাশ্রয় এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠায় এর গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন। পাশাপাশি গ্রাম আদালত সম্পর্কিত প্রচার-প্রচারণা জোরদার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সম্পৃক্ত করে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

 

অনুষ্ঠানের এক পর্যায়ে গ্রাম আদালত সক্রিয়করণে অগ্রণী ভূমিকা ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ মনিরামপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী অনুপম কুমার ঘোষকে সংবর্ধনা প্রদান করা হয়।

 

সংবর্ধনার জবাবে অনুপম কুমার ঘোষ বলেন, “এই সম্মাননা আমার একার নয়; এটি গ্রাম আদালত কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সকল জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সহযোগী অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। ভবিষ্যতেও সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।

 

আরো পড়ুন

সর্বশেষ