, , ,

চীনে আগামী বছর বাজারে আসছে উড়ন্ত গাড়ি

আরো খবর

একাত্তর ডেস্ক:

আসছে নতুন যুগের এক উড়ন্ত গাড়ি। দুই আসনের এই বিশেষ গাড়িতে থাকবে চালকবিহীন (অটোপাইলট) ব্যবস্থা।

উড়ন্ত গাড়ি নির্মাতা এক্সপেং নামের একটি চীনা কোম্পানির দাবি, আগামী গ্রীষ্ম থেকেই চীনের মানুষ এই অত্যাধুনিক উড়ন্ত গাড়িতে ভ্রমণ শুরু করতে পারবেন।

এক্সপেং- এর প্রধান নির্বাহী কর্মকর্তা ডেলি ঝাও জানিয়েছেন, আগামী বছরের দ্বিতীয়ার্ধেই এই উড়ন্ত গাড়ি বাজারে আসবে। এর সম্ভাব্য দাম ধরা হয়েছে ৩ লাখ ডলার। গাড়িটি স্বল্প উচ্চতায় উড়বে।

প্রাথমিক পর্যায়ে চীনের গ্রামীণ এলাকার শৌখিন ব্যবহারকারী এবং জরুরি সেবায় নিয়োজিতদের ব্যবহারের জন্য এই গাড়ি প্রস্তুত করা হচ্ছে।

কোম্পানির গুয়াংজু ঘাঁটিতে উড়ন্ত মোটরসাইকেল পরীক্ষা-নিরীক্ষাসহ দীর্ঘ ১০ বছরের উন্নয়ন ও গবেষণা শেষে, চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই গাড়ি সীমিতভাবে ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে।

এই গাড়ির ছোট ককপিট (চালকের বসার জায়গা) আকারে প্রায় একটি ফিয়াট ৫০০ গাড়ির সমান। বাহনটি ড্রোনের মতো ছয়টি ব্যাটারি-চালিত পাখার সাহায্যে বাতাসে ওড়ে এবং এটি একটি সাধারণ জয়স্টিক দিয়ে নিয়ন্ত্রণ করা হয়।

এটি কোনও চালক ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে আগে থেকে ঠিক করে রাখা গন্তব্যে উড়ে যেতে পারে। তবে প্রশিক্ষিত পাইলট ঝাও দাবি করেছেন যে, তিনি মাত্র পাঁচ মিনিটে যে কাউকে এটি চালানো শিখিয়ে দিতে পারবেন।

ঝাও জানান, এই উড়ন্ত গাড়িটি এককভাবে বিক্রি হচ্ছে না, এর দামের সঙ্গেই একটি বিশেষ ৬ চাকার বড় ভ্যান পাওয়া যাবে। গাড়িটি ওই ভ্যানের ভেতর ভাঁজ হয়ে থাকে এবং দরকারের সময় হলিউডের জনপ্রিয় সায়েন্স ফিকশন অ্যাকশন সিরিজ ‘ট্রান্সফরমার্স’ এর রোবটের মতো নিজে নিজেই ভাঁজ খুলে ভ্যান থেকে বের হয়ে উড়াল দিতে পারে।

নির্মাতা ঝাও প্রায় এক দশক ধরে এই উড়ন্ত গাড়িগুলো তৈরি করছেন। তিনি হ্যারি পটার ও স্পাইডার-ম্যানের ফ্যান্টাসি থেকে এটি বানানোর আইডিয়া পেয়েছিলেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত এক প্রযুক্তি সম্মেলনে ঝাও বলেন, “এমন এক পৃথিবী আসতে চলেছে যেখানে প্রত্যেকেই একজন ক্যাপ্টেন (চালক) হতে পারবে।” সম্মেলনে বাহনটির একটি প্রোটোটাইপ বা প্রাথমিক মডেল দেখতে বিশাল ভিড় জমেছিল।

ঝাও বলেন, এই বাহন ব্যবহার করে এখন পর্যন্ত কেউ আহত হননি বা দুর্ঘটনার শিকার হননি। যদিও এটিকে ‘গাড়ি’ বলা হচ্ছে, আসলে এর কোনো চাকা নেই এবং গাড়ি বলার চেয়ে একে বরং ‘হেলিকপ্টার-স্টাইল ড্রোন’ বলাটাই বেশি উপযোগী।

তিনি বলেন, তাদের প্রাথমিক লক্ষ্য হল এমন সব ক্রেতা যারা “ডাইভিং, সার্ফিং, অফ-রোডিং এবং ফ্লাইং” (অর্থাৎ, অ্যাডভেঞ্চার বা খেলাধুলা) পছন্দ করেন।

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক গত মাসে উড়ন্ত টেসলার নিজস্ব সংস্করণ প্রদর্শন করেছেন, যা বাতাসে ঘুরপাক খাওয়া এবং ডিগবাজি দেওয়ার জন্য উচ্চ-ক্ষমতাসম্পন্ন গ্যাস ব্লাস্ট ব্যবহার করে।

বৈদ্যুতিক যানবাহন এবং ড্রোন প্রযুক্তির উন্নয়ন নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র প্রতিযোগিতার মধ্যে ঝাও বলেন, মাস্কের তৈরি প্রোটোটাইপ বা প্রাথমিক মডেলটি “আসলে লাফ দিচ্ছিল, একে ঠিক উড়ে চলা বলা যায় না”।

এক্সপেং-এর বাহনটি মাটি থেকে ১ কিলোমিটার পর্যন্ত উঁচুতে ভেসে বেড়াতে পারে—যা সেসনা’র মতো হালকা ও চাপহীন সাধারণ বিমানের চেয়ে অনেক নিচে উড়ে। ঝাও বলেন, “আমি ভবিষ্যতের এমন এক প্রজন্ম বা সংস্করণ দেখার অপেক্ষায় আছি, যা আসলেই উড়তে পারবে।”

সূত্র: দ্য গার্ডিয়ান/বিডিনিউজ

আরো পড়ুন

সর্বশেষ