, , ,

চৌগাছা থেকে নিখোঁজ ভ্যানচালকের মরদেহ মিলল কপোতাক্ষ নদে

আরো খবর

সাব্বির হোসেনঃ যশোরের চৌগাছা থেকে নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদ থেকে একলাস হোসেন (২৬) নামে এক ইঞ্জিনচালিত ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে ঝিকরগাছা থানা পুলিশ। মঙ্গলবার সকালে ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর পূর্বপাড়া এলাকায় নদে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত একলাস হোসেন চৌগাছা উপজেলার স্বরূপদা ইউনিয়নের মাধবপুর গ্রামের সানাউল হোসেনের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর বিকেল থেকে প্রায় নতুন একটি ইঞ্জিনচালিত ভ্যানসহ নিখোঁজ ছিলেন একলাস। পরদিন ২০ সেপ্টেম্বর তার পরিবারের পক্ষ থেকে চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

মঙ্গলবার সকালে গঙ্গানন্দপুর পূর্বপাড়া এলাকায় কপোতাক্ষ নদে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি একলাস হোসেনের বলে শনাক্ত করেন।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয়দের ধারণা, ভ্যানটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা একলাসকে হত্যা করে মরদেহ নদে ফেলে যেতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঝিকরগাছা থানার অফিসার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

আরো পড়ুন

সর্বশেষ