, , ,

ঝিকরগাছায় প্রতিবন্ধী তরুণীর সন্তানের পিতৃ পরিচয় নিশ্চিত হলো ডিএনএ রিপোর্টে, শিশুটির জৈবিক পিতা কারাবন্দী আব্দুর রহমান

আরো খবর

সাব্বির হোসেন:
যশোরের ঝিকরগাছায় বহুমাত্রিক প্রতিবন্ধী এক তরুণীর (২১) ঘরে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান হয়েছে। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচালিত ডিএনএ পরীক্ষায় শিশুটির জৈবিক পিতা হিসেবে কারাবন্দী ইমাম ও কথিত কবিরাজ মো. আব্দুর রহমানের (৬০) পরিচয় নিশ্চিত হয়েছে। পরীক্ষার প্রতিবেদনে তাঁর পিতৃত্বের সম্ভাবনা ৯৯.৯৯৯৯৯৯৯৯ শতাংশ উল্লেখ করা হয়েছে।

সিআইডির মালিবাগ, ঢাকার ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার পর এ প্রতিবেদন দেওয়া হয়। ল্যাব কেস নম্বর ২৬-০২৬০০ এবং রিপোর্ট নম্বর ১-এর অধীনে সম্পন্ন পরীক্ষার ফল গত ১৩ আগস্ট ২০২৬ তারিখে স্বাক্ষরিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ডিএনএ পরীক্ষক মো. মহিমিনুল হাসানের স্বাক্ষরিত প্রতিবেদনে আব্দুর রহমানকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়।

মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের আজমপুর গ্রামের বাসিন্দা আব্দুর রহমান স্থানীয় রাজাপুর দক্ষিণপাড়া নতুন মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। তাঁর বিরুদ্ধে প্রতিবেশী ওই প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ১২ মে ঝিকরগাছা থানায় মামলা করেন তরুণীর পরিবার। মামলার নম্বর ২১।

মামলা হওয়ার পর থেকে আব্দুর রহমান আত্মগোপনে ছিলেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বরিশালে তাঁর জামাতার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

এর আগে গত ১৮ মার্চ নাভারণ পল্লী ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে ওই তরুণী একটি ছেলেসন্তানের জন্ম দেন। ভুক্তভোগীর মায়ের অভিযোগ, আব্দুর রহমান পান খাওয়ানোর কথা বলে এবং টাকার প্রলোভন দেখিয়ে তাঁর বুদ্ধি ও বাক্‌প্রতিবন্ধী মেয়েকে ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরবর্তী সময়ে মেয়ের শারীরিক পরিবর্তন দেখে চিকিৎসকের কাছে নেওয়া হলে গর্ভধারণের বিষয়টি ধরা পড়ে।

পরিবারের দাবি, বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে সালিশের উদ্যোগ নেওয়া হলেও কোনো সুরাহা হয়নি। বরং অভিযুক্তের পক্ষ থেকে গর্ভপাত করানোর চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হয়।

অন্যদিকে, ঘটনার পর আব্দুর রহমানের স্ত্রী অভিযোগ অস্বীকার করে ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের কথা বলেছিলেন। পরবর্তী সময়ে তদন্তের অংশ হিসেবে আদালতের নির্দেশনায় সংশ্লিষ্টদের নমুনা সংগ্রহ করে সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরিতে পাঠানো হয়।

ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে শিশুটির পিতৃত্ব নিশ্চিত হওয়ার পর ভুক্তভোগী পরিবার অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে শিশুটির পিতৃপরিচয় ও ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

আরো পড়ুন

সর্বশেষ