সাব্বির হোসেন
যশোরের ঝিকরগাছায় নির্বাচনী পরীক্ষায় ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বাবার বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত অভিভাবককে আটক করে পুলিশ।
আটক ইউনুস আলী ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আরফিন আহমেদের বাবা। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে। তবে দলীয় কোনো পদ-পদবিতে তিনি নেই বলে জানা গেছে।
এ ঘটনায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শরিফুজ্জামানসহ ১২ জন শিক্ষক ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে দশম শ্রেণির শিক্ষার্থী আরফিন আহমেদ ছয়টি বিষয়ে অকৃতকার্য হয়। ফলে তার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এ খবর জানতে পেরে শিক্ষার্থীর বাবা ইউনুস আলী বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় মাথিয়াস রোজারিওর কক্ষে প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, কোনো কথা না বলেই তিনি প্রধান শিক্ষককে এলোপাতাড়ি থাপ্পড় মারতে শুরু করেন।
এ সময় বিদ্যালয়ের অন্য শিক্ষকরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউনুস আলীকে আটক করে।
বিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগ, ইউনুস আলীর স্ত্রী ও নয়ন নামে স্থানীয় এক ব্যক্তি বিভিন্ন সময়ে বিদ্যালয় ও শিক্ষকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে আসছেন। এদিকে ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রধান শিক্ষক নিজের কক্ষে চেয়ারে বসে ছিলেন। এ সময় হঠাৎ ইউনুস আলী কক্ষে প্রবেশ করে কোনো ধরনের কথাবার্তা ছাড়াই প্রধান শিক্ষকের গালে চড় মারেন। পরে অন্য শিক্ষকরা কক্ষে প্রবেশ করে তাকে নিবৃত্ত করেন। একপর্যায়ে ইউনুস আলীর স্ত্রী ও নয়ন নামে ওই ব্যক্তিকেও কক্ষে প্রবেশ করে প্রধান শিক্ষকের ওপর চড়াও হতে দেখা যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইদ্রিস আলী বলেন, প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত অভিভাবক ইউনুস আলীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
