, , ,

তালায় ডিবি সেজে ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, কনস্টেবলসহ গ্রেপ্তার ২

আরো খবর

সাতক্ষীরা/তালা প্রতিনিধি:
গোয়েন্দা পুলিশের পরিচয় ব্যবহার করে এক ব্যবসায়ীকে দোকান থেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় সাতক্ষীরার তালায় পুলিশের এক কনস্টেবলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের কাছ থেকে হ্যান্ডকাফ, পুলিশের দুটি রিফ্লেকটিভ ভেস্ট, একটি মোটরসাইকেল এবং নগদ এক লাখ ৭১ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন যশোর কোতোয়ালি থানার বারান্দীপাড়া এলাকার বাসিন্দা জুলহাস উদ্দিনের ছেলে পুলিশ কনস্টেবল সোহেল আহম্মেদ এবং তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের সৈয়দ মৈনুলের ছেলে মতিউর হোসেন মোরসালিন। মোরসালিন বর্তমানে খুলনা নগরের সোনাডাঙ্গা এলাকায় থাকতেন।

ভুক্তভোগী ব্যবসায়ীর নাম কাশেম সরদার। তিনি তালার সুকদেবপুর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তেঁতুলিয়া বাজারে তাঁর সাইকেলের যন্ত্রাংশের দোকান রয়েছে।

পুলিশ জানায়, গত রোববার দোকানে কাজ করার সময় কাশেম সরদারের কাছে দুজন লোক আসে। তাঁরা নিজেদের ডিবি সদস্য বলে পরিচয় দেয়। কিছুক্ষণের মধ্যে তাঁর হাতে হ্যান্ডকাফ পরিয়ে মোটরসাইকেলে করে তাঁকে নিয়ে যাওয়া হয়। এরপর কাশেমের স্ত্রীর মোবাইলে ফোন করে টাকা দাবি করা হয়।

ঘটনার পরপরই ভুক্তভোগীর স্ত্রী তালা থানায় গিয়ে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্তদের অবস্থান শনাক্তের চেষ্টা শুরু করে। এক পর্যায়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের অবস্থান খুলনার ডুমুরিয়া থানার চুকনগর এলাকায় নিশ্চিত হওয়া যায়। সেখানে তালা ও ডুমুরিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে দুজনকে আটক করে।

এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম জানান, মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তৎপর হয়। ডুমুরিয়া থানার সহায়তায় চালানো অভিযানে তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ