, , ,

তালায় ৫০০ অতিথির ভোজের মাঝেই বাল্যবিয়ে বন্ধ, ৫ হাজার টাকা জরিমানা

আরো খবর

সাতক্ষীরা/তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালা উপজেলায় ৫০০ অতিথির ভোজের আয়োজনের মধ্যেই একটি বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন। এ ঘটনায় কিশোরীর চাচাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের গাবতলা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, গাবতলা গ্রামের গরু ব্যবসায়ী বজলুর রহমানের বাড়িতে মেয়ের বিয়ে উপলক্ষে প্রায় ৫০০ অতিথির জন্য খাওয়াদাওয়ার আয়োজন করা হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক নাজমুন নাহার বাল্যবিয়ের আয়োজনের খবর পান। তিনি বিষয়টি জেলা প্রশাসক, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন।

পরে শুক্রবার দুপুরে অভিযানে যান মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক নাজমুন নাহার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ হোসেন এবং পাটকেলঘাটা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কিশোরীকে নিয়ে তার বাবা-মা পালিয়ে যান। একই সময়ে বরযাত্রীবাহী গাড়িও মাঝপথ থেকে ফিরে যায়। ফলে বিয়ের আয়োজন বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় কিশোরীর চাচা মো. মোনজেদ সরদার নিজের অপরাধ স্বীকার করে মুচলেকা দেন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ হোসেন তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। মামলায় প্রসিকিউশন পরিচালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক নাজমুন নাহার।

মহিলা বিষয়ক অধিদপ্তর আরও জানায়, কিশোরীর অভিভাবকেরা তিন মাস আগে বিয়ে হয়েছে বলে দাবি করলেও এর স্বপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি। কিশোরী প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অভিযানের সময় জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ