নড়াইল প্রতিনিধি:নড়াইলের লোহাগড়ায় উপজেলার এড়েন্দা নামক স্থানে যশোর-কালনা মহাসড়কে বাস-ট্রাকক মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে, তাদের পরিচয় জানা যায়নি।
শুক্রবার (৪ আগস্ট) সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এজন্য মহাসড়কে সাময়িক যানবাহন চলাচল বন্ধ ছিল। নড়াইল (তুলরামপুর) হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মেহেদী হাসান দুর্ঘটনা ও যানযটের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত বাস এবং ট্রাকটি রাস্তা থেকে সরিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং যানবাহন চলাচল সাভাবিক রয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শি ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, যশোর-কালনা মহাসড়কের এড়েন্দা এলাকায় নড়াইল এক্সপ্রেস নামে একটি বাসের সাথে বিআরটিসি’র একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় বাসের আহত কয়েকজন যাত্রী ও ট্রাকের হেল্পারকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মিরা। পরে ট্রাকের ভিতরে আটকা পড়া ড্রাইভারকে প্রায় আধাঘন্টা চেষ্টা করে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মিরা।
