, , ,

পাইকগাছার যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা

আরো খবর

আলাউদ্দীন রাজা, পাইকগাছা (খুলনা):
খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিটুনিতে নিহত হাসান সরদার (৪০)-এর ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ আরও ৮ থেকে ১০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার সন্ধ্যার আগে চাঁদখালী গরুর হাটের পাশে একটি গোলপাতার ঘরের নিকটে প্রসাব করাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, কালিদাসপুর গ্রামের খালেক গাজীর ছেলে কুদ্দুস সেখানে প্রসাব করতে বসলে চাঁদখালী গ্রামের মালেক সরদারের ছেলে হাসান প্রতিবাদ করেন। এ সময় কুদ্দুস মোবাইল ফোনে কয়েকজনকে খবর দিলে মিন্টু, আজহারুল, মনিরুল, জাহাঙ্গীরসহ ১৮ থেকে ২০ জনের একটি দল ঘটনাস্থলে এসে হাসানের ওপর হামলা চালায়।

 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হামলাকারীরা হাসানকে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারপিট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতির অবনতি ঘটে। গুরুতর আহত অবস্থায় রাত আনুমানিক ৮টার দিকে তাকে একটি নসিমনযোগে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে সোমবার বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ ঘটনায় নিহতের পিতা সোমবার রাতে পাইকগাছা থানায় ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি নং-০৯, তারিখ ০৯ জুন ২০২৬; ধারা-১৪৩/৩২৩/৩০২/১১৪/৩৪ দণ্ডবিধি।

 

মঙ্গলবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনিসুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

 

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারের জন্য জোরালো অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।

আরো পড়ুন

সর্বশেষ