সাদনান রহমান সিয়াম, সাতক্ষীরা:
উপকূলীয় জনপদ সাতক্ষীরা ও খুলনার কয়রা উপজেলার মানুষের কাছে বর্ষা মানেই ছিল ভাঙন-আতঙ্ক। কপোতাক্ষ নদ আর শাকবাড়িয়া নদীর জোয়ারের পানি বাড়লেই নির্ঘুম রাত কাটত দক্ষিণ ও উত্তর বেদকাশী ইউনিয়নের বাসিন্দাদের। তবে সেই দৃশ্যপট এখন পাল্টাতে শুরু করেছে। ভাঙন রোধে ৩২ কিলোমিটার দীর্ঘ টেকসই বেড়িবাঁধের নির্মাণকাজ এখন দৃশ্যমান। ব্লক আর জিও ব্যাগের আবরণে নদীপাড়ে তৈরি হচ্ছে এক শক্তিশালী রক্ষাকবচ।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, প্রকল্পের প্রায় ৪৩ শতাংশ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এই কর্মযজ্ঞ শেষ হলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকি থেকে স্থায়ী সুরক্ষা পাবেন লক্ষাধিক মানুষ।
ভৌগোলিক অবস্থান কয়রায় হলেও এই বিশাল বেড়িবাঁধের প্রায় ২২ কিলোমিটার রক্ষণাবেক্ষণ ও নির্মাণের দায়িত্বে রয়েছে সাতক্ষীরা পাউবো (বিভাগ-২)। বাকি ১০ কিলোমিটার অংশের তদারকি করছে খুলনা পাউবো। সাতক্ষীরা পাউবোর এই অংশটি সুরক্ষিত হলে পার্শ্ববর্তী আশাশুনি ও শ্যামনগর উপজেলার বিস্তীর্ণ এলাকাও পরোক্ষভাবে জলোচ্ছ্বাসের ঝুঁকি থেকে মুক্তি পাবে।
সরেজমিনে গাববুনিয়া ও শাকবাড়িয়া এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে ব্লক তৈরির কাজ শেষ করে বাঁধের ঢালে জিও ব্যাগ ও ব্লক বসানোর কাজ চলছে। উত্তর বেদকাশীর হরিহরপুর ও দক্ষিণ বেদকাশীর চোরামুখা এলাকায় চলছে মাটির কাজ ও রেগুলেটর নির্মাণ।
হরিপুর এলাকার প্রবীণ বাসিন্দা চারু ম-ল বলেন, “আগে জোয়ার বাড়লেই আতঙ্কে থাকতাম কখন ঘরবাড়ি ভেসে যায়। এখন ব্লক দিয়ে যেভাবে মজবুত বাঁধ হচ্ছে, তাতে আমরা অন্তত নিশ্চিন্তে ঘুমানোর স্বপ্ন দেখছি।” উত্তর বেদকাশীর ইউপি সদস্য গণেশ ম-ল জানান, নিয়ম মেনে দূর থেকে মাটি এনে বাঁধ উঁচু ও প্রশস্ত করা হচ্ছে, ফলে কাজের গুণগত মান নিয়েও এলাকাবাসী সন্তুষ্ট।
পাউবো সূত্রে জানা গেছে, ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে ঘূর্ণিঝড় আম্পান ও ইয়াসের পর ১৮টি অতি ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়। বর্তমানে ৫১ কোটি টাকা ব্যয়ে ৪টি প্যাকেজে কাজ চলছে। প্রকল্পের অধীনে ৪টি রেগুলেটর এবং ১০টি ইনলেট গেটের কাজও প্রায় শেষের দিকে।
ইতোমধ্যে দক্ষিণ বেদকাশীর চোরামুখা এলাকায় ১ হাজার ২০ মিটার বাঁধে রিং-ডাইক ও অস্থায়ী ঢাল সংরক্ষণের কাজ শেষ হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মামুন এন্টারপ্রাইজের ম্যানেজার মোশাররফ হোসেন জানান, প্রাকৃতিক দুর্যোগ বাধা না হয়ে দাঁড়ালে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ বুঝিয়ে দেওয়া সম্ভব হবে।
সাতক্ষীরা পাউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া বলেন, “আমরা নিয়মিত তদারকি করছি যাতে শতভাগ গুণগত কাজ নিশ্চিত হয়। নির্দিষ্ট মেয়াদের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য রয়েছে আমাদের।”
খুলনা পাউবো-২ এর নির্বাহী প্রকৌশলী জহির মাজহার জানান, জমি অধিগ্রহণ প্রক্রিয়ার কারণে কিছুটা সময় লাগলেও জোড়শিং থেকে গোলখালি পর্যন্ত কাজের অগ্রগতি সন্তোষজনক।
টেকসই এই বাঁধ নির্মাণ শেষ হলে সাতক্ষীরা ও খুলনার এই উপকূলীয় অঞ্চল কৃষি ও অর্থনীতিতে নতুন করে প্রাণ ফিরে পাবে বলে আশা করছেন স্থানীয়রা।
