বিশেষ প্রতিনিধি
যশোর সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ মিয়ারাজ গাইন নামে এক যুবককে আটক করেছে। আটক যুবক সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে ।
পোর্ট থানা সূত্রে জানাগেছে,শুক্রবার ১৬ অক্টোবর দিবাগত গভীর রাত শনিবার ১৭ অক্টোবর সোয়া ১২টার পর বেনাপোল পোর্ট থানার এসআই মাহাবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের ভবেরবেড় গ্রামে অভিযান চালায়। এ সময় মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে যশোর বেনাপোল মহাসড়কে একটি ইঞ্জিনচালিত ভ্যান তল্লাশি চালায়। তল্লাশিকালে ভ্যানটির চালকের আসনের ওপর বিশেষ কায়দায় স্থাপিত ছাউনির ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।#
