মহম্মদপুর ( মাগুরা) প্রতিনিধিঃ
মাগুরার মহম্মদপুরে পুকুরের পানিতে ডুবে বাঁধন কুন্ডু নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার ধুপুড়িয়া কুন্ডুপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাঁধন কুন্ডু ওই এলাকার কাপড় ব্যবসায়ী বিশ্বজিৎ কুন্ডুর ছেলে। তার বয়স ছিল চার বছর দুই মাস।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলাধুলা করছিল বাঁধন। এ সময় অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সূচি মণ্ডল জানান, বেলা সাড়ে ১১টার দিকে স্বজনরা শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
এদিকে, ছোট্ট শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এলাকাজুড়েও নেমে এসেছে গভীর শোকের ছায়া।
এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. শামীম আহমেদ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
