নিজস্ব প্রতিবেদক:
যশোরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গত শুক্রবার (২৮ নভেম্বর) জেলার ৯টি থানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার তাদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বেনাপোলের গাজীপুর গ্রামের জসিম উদ্দিন (৪০), সাদীপুর গ্রামের মুরাদ হোসেন (৩৭), বড় আঁচড়া গ্রামের আ. আলিম (৪০), বিভা গ্রামের মুকুল হোসেন (৩২), পাটবাড়ি এলাকার সোহান হোসেন ও সাব্বির হোসেন, শার্শার ভবানীপুর পশ্চিমপাড়ার সোহাগ হোসেন এবং গন্দপুর গ্রামের বিপ্লব আহমেদ।
এ ছাড়া কেশবপুরের হিজলতলা গ্রামের শাহজালাল, বাইখা গ্রামের আব্দুস সাত্তার, বরন্দালী এলাকার আক্কাস আলী, সাধ্যেরও পূর্বপাড়ার রাজ্জাক সরদার, শাকদিয়া পূর্বপাড়ার ইউসুফ বিশ্বাস ও ভাল্লুকঘর এলাকার কলিম মোড়ল, ঝিকরগাছার শ্রীরামপুর গ্রামের গোলাম মো. তুহিন এবং নাভারন গ্রামের শাহজাহান, যশোর সদরের পুরাতন কসবা এলাকার ইমামুল ইসলাম রুম্মান, মনিরামপুরের জাকির হোসেন, দোদারিয়া গ্রামের তোফাজ্জল হোসেন, মুক্তারপুর গ্রামের আবু তাহের এবং অভয়নগরের শরণখোলা গ্রামের রাসেদুল হক রাজু রয়েছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনে বিভিন্ন মামলা রয়েছে। অভিযানের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।
