, , ,

যশোরে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতা শুরু

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে অনুষ্ঠিত হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় যশোর টাউন হল মাঠে জেলা পুলিশের আয়োজনে এ প্রতিযোগিতা শুরু হয়। কমিউনিটি পুলিশিং কমিটির সার্বিক সহযোগিতা ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কারিগরি সহায়তায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা পর্যায়ে যশোরের আটটি উপজেলা থেকে বাছাই করা আটটি করে নারী ও পুরুষ দল অংশ নেয়। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে পুরুষ বিভাগে কোতোয়ালি থানা ও অভয়নগর থানা এবং নারী বিভাগে কোতোয়ালি থানা ও বাঘারপাড়া থানা ফাইনালে ওঠে।

প্রতিযোগিতার উদ্বোধন করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএমের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলাম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল মুন্না বিশ্বাস, সহকারী পুলিশ সুপার নাভারণ সার্কেল আরিফ হোসেন, সহকারী পুলিশ সুপার মনিরামপুর সার্কেল ইমদাদুল হক, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ, পুলিশ লাইনসের আরআই, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের মনোনীত রেফারি, বিভিন্ন থানার খেলোয়াড় ও কোচসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখা এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল পরবর্তী সময়ে বিভাগীয় পর্যায়ে অংশ নেবে। বিভাগীয় পর্যায় শেষে নির্বাচিত নারী ও পুরুষ দল জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

আরো পড়ুন

সর্বশেষ