, , ,

যশোরে স্ত্রীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামী আটক

আরো খবর

শহিদ জয়:

যশোরে স্ত্রীর ব্যক্তিগত ও আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাসেল রানা নামে এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি যশোর ও বগুড়ার সদস্যরা। মঙ্গলবার ভোরে বগুড়া সদর উপজেলার ভাদুনা মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

রাসেল রানা বগুড়ার নন্দীগ্রাম উপজেলার গোছন গ্রামের শরিফুল আখন্দের ছেলে। পরে মঙ্গলবার বিকেলে তাঁকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। একই দিন তাঁকে আদালতে সোপর্দ করা হলে শুনানি শেষে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাসেল রানার সঙ্গে ওই নারীর বিয়ে হয়েছে। দাম্পত্য কলহের জেরে তাঁকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ করেছেন বাদী। সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরে রাসেল স্ত্রীকে তাঁর সঙ্গে যাওয়ার জন্য চাপ দেন। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়।

এজাহারে বলা হয়, সম্পর্কের অবনতি হলে রাসেল তাঁদের দাম্পত্য জীবনের ভিডিও কলের ব্যক্তিগত মুহূর্তের স্ক্রিন রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। গত ১৬ সেপ্টেম্বর রাতে বাদীর ইমো অ্যাকাউন্টে একটি আইডি থেকে তাঁদের ব্যক্তিগত ও নগ্ন ভিডিও পাঠানো হয়। এ ছাড়া বাদীর টিকটক অ্যাকাউন্টের বিভিন্ন ভিডিওর মন্তব্যের ঘরে ওই ভিডিওর স্ক্রিনশট প্রকাশ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় উপায় না পেয়ে গত ২০ সেপ্টেম্বর ওই নারী বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

কোতোয়ালি মডেল থানা–পুলিশ জানিয়েছে, মামলার পর রাসেল রানাকে আটক করা হয়। আদালতের আদেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ