বিশেষ প্রতিনিধি
দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা পরিচয়ে ভুয়া ওয়ার্ক অর্ডার তৈরি করে লাখ লাখ টাকার পণ্য আত্মসাতের অভিযোগে স্বামী-স্ত্রীকে আটক করেছে সাইবার ইনভেস্টিগেশন টিম যশোর। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর খুলনার খানজাহান আলী থানার মিরপাড়া জিনাতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁদের আটক করা হয়।
আটকরা হলেন পাবনার চাটমোহর উপজেলার দোদারিয়া পূর্বপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে খালেক সরকার ও তাঁর স্ত্রী খুলনার সোনাডাঙ্গা থানার রায়ের মহল এলাকার চান সরদারের মেয়ে নীলা খাতুন (৩৬)। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, একটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন, একটি পকেট রাউটার ও সাতটি সিমকার্ড জব্দ করা হয়।
সাইবার ইনভেস্টিগেশন টিমের এসআই দেবব্রত ঘোষ জানান, গত ১৭ অক্টোবর যশোরের ফতেপুর ইউনিয়নের রাজিবুল হক তূর্যর হোয়াটসঅ্যাপে এক ব্যক্তি নিজেকে প্যারাগন ফিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পরিচয় দিয়ে ৬০০ বস্তা পশুখাদ্যের কাঁচামালের ভুয়া ওয়ার্ক অর্ডার দেন। গাজীপুরের ফারাজ ট্রেড ইন্টারন্যাশনাল থেকে সরবরাহ করা এসব পণ্যের বাজারমূল্য ছিল প্রায় ২১ লাখ ৫০ হাজার টাকা।
গত ২৩ অক্টোবর পণ্যগুলো যশোরের বসুন্দিয়া-জঙ্গলবাঁধাল এলাকায় পৌঁছানোর কথা থাকলেও প্রতারক চক্রটি শানতলা পেপসি গেট এলাকায় ট্রাক থামিয়ে নিজেদের প্যারাগন ফিডের কর্মচারী পরিচয় দেয়। পরে ৬০০ বস্তা মালামাল ট্রাক থেকে নামিয়ে নছিমনে করে অন্যত্র সরিয়ে নেয়। নির্ধারিত গন্তব্যে পণ্য না পৌঁছানোয় বিষয়টি জানাজানি হয়।
এ ছাড়া চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মেসার্স আর এন ইন্টারন্যাশনালের মালিক সুরেশ কুমার আগরওয়ালের কাছ থেকেও কাজী ফার্মের পরিচালক পরিচয়ে ৭৫ মেট্রিক টন গম নেওয়া হয়। দ্রুত বিল পরিশোধের আশ্বাস দিয়ে আরও টাকা নেওয়ার পরও মোট ৩৪ লাখ ১৯ হাজার ২৫৬ টাকা বকেয়া রাখে চক্রটি। পরে খোঁজ নিয়ে প্রতিষ্ঠান দুটির সঙ্গে প্রতারকদের কোনো সম্পর্ক না থাকার বিষয়টি নিশ্চিত হন ভুক্তভোগীরা।
এসব ঘটনায় পৃথক তিনটি মামলা রয়েছে। এর মধ্যে ফতেপুরের রাজিবুল হক তূর্যর করা মামলায় খালেক সরকার ও তাঁর স্ত্রীকে এবং অপর দুটি মামলায় শুধু নীলা খাতুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ জানায়, খালেক সরকারের বিরুদ্ধে চেক ডিজঅনার ও প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। তাঁর স্ত্রীর বিরুদ্ধেও তিনটি মামলা রয়েছে। শুক্রবার তাঁদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
