শহিদ জয়:
যশোরের অভয়নগরে অবৈধভাবে পাচারের সময় প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ১৫০ টন সরকারি গমসহ একটি লাইটার জাহাজ জব্দ করেছে এসআরবি-৬ ও নৌ পুলিশের যৌথ দল।
এ ঘটনায় ছয়জনকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। জাহাজের মাস্টার পলাতক রয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার নোয়াপাড়া বেঙ্গল খেয়াঘাটসংলগ্ন রাসেল ফরাজি ঘাটে অভিযান চালিয়ে এসব গম ও জাহাজ জব্দ করা হয়।
এসআরবি-৬ সূত্রে জানা যায়, মোংলাগামী একটি বিদেশি জাহাজ থেকে বাগেরহাটের হারবাড়িয়া এলাকায় ১৫০ টন গম অন্য একটি লাইটার জাহাজে খালাস করে আনা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গমসহ জাহাজটি জব্দ করা হয়।
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দিপু ও সহকারী কমিশনার (ভূমি) আবির আনসারী উপস্থিত ছিলেন। জব্দ করা গম, জাহাজ ও আটক ব্যক্তিদের নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
