মোঃ সোহাগ, কালীগঞ্জ (ঝিনাইদহ):
ঝিনাইদহের কালীগঞ্জে নদী খনন কাজের সুবিধার্থে চিত্রা নদীতে বাঁধ দেওয়ায় পানি প্রবাহ বন্ধ হয়ে আবাদি ফসলের মাঠে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে নদীটির পাশের পুটিমারী খাল দিয়ে পানি প্রবেশ করে আশপাশের বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে গেছে। কালীগঞ্জ উপজেলার জগন্নাথপুর, সোনালীডাঙ্গা, মাজদিয়া, মহিষাহাটি, ও বাদুরগাছা গ্রামের মাঠের শত শত বিঘা জমিতে চাষ করা ভুট্টা, ধনিয়া, সরিষা ও পাকা আমন ধান পানির নিচে তলিয়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা।
কালীগঞ্জ উপজেলার মঙ্গলপৌতা পারখিদ্দাহ কলেজ সংলগ্ন চিত্রা নদীতে বাঁধ দেওয়া হয়েছে। যশোর বাপাউবো এর অধীনে “আমিন এন্ড কোং” নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নদী খননের সুবিধার্থে মাটির বাঁধ দিয়ে পানি প্রবাহ সম্পূর্ণরূপে আটকে দেয়। এতে নদীর স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে পানি জমতে শুরু করে। একপর্যায়ে সেই পানি পুটিমারী খাল দিয়ে আশপাশের ফসলি মাঠে ছড়িয়ে পড়ে। প্রতিদিনই ওই মাঠে নতুন নতুন জমি পানিতে তলিয়ে যাচ্ছে। মাঠের সেচপাম্প গুলো পানির নিচে ডুবে রয়েছে। কৃষকদের আশঙ্কা, দ্রæত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে জমিতে থাকা অবশিষ্ট ফসলও নষ্ট হয়ে যাবে। বর্তমানে কৃষকরা আমন ধানের শিষ কেটে নিতে বাধ্য হচ্ছেন। নষ্ট হয়ে গেছে ধানের খড়।
কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের বিষয়টি জানানোর পরও কার্যকর সমাধান না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্থ কৃষকরা। জগন্নাথপুর গ্রামের কৃষক আলমগীর হোসেন বলেন, মাঠে আমার পাঁচ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। সব জমি পানির নিচে তলিয়ে গেছে। ধারদেনা করে আবাদ করেছি। এখন ফসল নষ্ট হলে সংসার চালাব কীভাবে, আর ঋণই বা পরিশোধ করব কীভাবে ? আমার মতো অনেক কৃষকের একই অবস্থা। কারও পাকা ধান নষ্ট হচ্ছে, কেউ ধানের শিষ কেটে নিচ্ছেন। আমাদের দাবি, দ্রæত বাঁধ খুলে দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক।
এ বিষয়ে যশোর পানি উন্নয়ন বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আশরাফুল আলম বলেন, বাঁধের কারণে কৃষকদের ফসলি জমির ক্ষতির বিষয়টি জানতে পেরেছি।ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহন করবেন বলেও তিনি যোগ করেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, ওই এলাকার বেশ কয়েকজন কৃষক আমার কাছে এসেছিলেন। আমি ইতিমধ্যে যশোর পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, বিষয়টি আমি আজই জানতে পেরেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে দ্রুত বাঁধ অপসারণ ও কৃষকদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ক্ষতিগ্রস্থ কৃষকদের দাবি, দ্রুত চিত্রা নদীর বাঁধ অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক। তা না হলে তাঁদের সারা বছরের পরিশ্রম ও বিনিয়োগ পানিতে তলিয়ে যাবে।
