, , ,

যশোরে শহীদ সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবির মধ্য দিয়ে যশোরের অকুতোভয় সাংবাদিক, দৈনিক জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি শহীদ শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রেসক্লাব যশোরসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি, কবরে শ্রদ্ধা নিবেদন, স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে দিনটি পালন করে।

 

সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব যশোরে সাংবাদিকরা কালো ব্যাজ ধারণ করেন। পরে একটি শোক র‌্যালি নিয়ে শহরের কারবালা কবরস্থানে গিয়ে শহীদ শামছুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। এরপর প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় বক্তারা বলেন, শহীদ সাংবাদিক শামছুর রহমান হত্যা মামলার বিচার দীর্ঘ ২১ বছর ধরে ঝুলে রয়েছে। বারবার দাবি জানানো হলেও এখনো এই আলোচিত হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়নি। দীর্ঘসূত্রতায় সাংবাদিক সমাজ ও শহীদ পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

বক্তারা আরও বলেন, ২০০০ সালের ১৬ জুলাই রাতে যশোরে দৈনিক জনকণ্ঠ কার্যালয়ে কর্মরত অবস্থায় আততায়ীর গুলিতে নিহত হন শামছুর রহমান। বর্তমানে আইনি জটিলতার কারণে মামলাটির বিচার কার্যক্রম উচ্চ আদালতে আটকে রয়েছে। এই বিচার বিলম্বের পেছনে রাষ্ট্রের সদিচ্ছার অভাব রয়েছে বলেও তারা মন্তব্য করেন। শোক র‌্যালি ও পুস্পমাল্য কর্মসূচিতে প্রেসক্লাব যশোর, যশোর সংবাদ পত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, জেলা সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন ও সংবাদ মাধ্যমের বর্তমান ও সাবেক ন্তেৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরে যশোর সাংবাদিক ইউনিয়নের  আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলা, ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন,যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি  আমিনুর রহমান মামুন, সাজ্জাদ গণি খান রিমন, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, মনোতোষ বসু, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুনুর রশিদসহ সাংবাদিক নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন জেইউজে’র সভাপতি সাজেদ রহমান বকুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন।

 

 

আরো পড়ুন

সর্বশেষ