নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শান্তি সাহিত্য কুঠিরে কবিতা পাঠ, নবীজির জীবন আদর্শ নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ আগস্ট ১২ রবিউল আউয়াল সন্ধ্যায় যশোর বাহাদুরপুর পশ্চিমপাড়াস্থ শান্তি সাহিত্য কুঠিরের নিজস্ব কার্যালয়ে বিশ্বনবীর জন্মদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের সহযোগী সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, বিশেষ অতিথি ছিলেন দৈনিক যশোর বার্তার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দিন, প্রধান আলোচক ছিলেন যশোর নতুন খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এসএম জিল্লুর রহমান, সম্মানিত অতিথি ছিলেন কবি ও জ্যেষ্ঠ অ্যাডভোকেট জিএম মুছা, স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাপ্তাহিক বাংলালোক পত্রিকার সম্পাদক একেএম গোলাম সরওয়ার।
মুক্তেশ্বরী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি ও শিল্পী শহীদুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য দেন সাংবাদিক শেখ সোহরাব হোসেন, অনুষ্ঠানের আয়োজক ও সমন্বয়কারী কবি মোহাম্মদ মনিরুল ইসলাম, নবীজির স্মরণে নিবেদিত কবিতা পাঠ করেন কবি রহিম বাদশা, কবি রোমেল, নবীজির স্মরণে সংগীত পরিবেশন করেন কবি গাজী শহিদুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফটো সাংবাদিক সানোয়ার আলম শানু, সংবাদকর্মী অয়ন অধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শোহানুর রহমান শাহীন প্রমূখ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেছেন, যেকোনো সংকটে ভেঙে না পড়ে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা আমরা মহানবীর (সা.) জীবন থেকে পাই। আজকের এই অশান্ত ও অস্থির পৃথিবীতে বিশ্বনবীর (সা.) শান্তির বাণী ও সুন্নাহ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজনীয়। এই দিনটি কেবল উদযাপনের নয়, বরং আত্মউপলব্ধি ও আত্মসংশোধনের। কেবল কথায় নয়, আমাদের দৈনন্দিন আচার ব্যবহারে, লেনদেনে, সত্যবাদিতায় এবং মানুষের সেবায় মহানবীর (সা.) আদর্শ বাস্তবায়ন করি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রিয় হাবিবের দেখানো সুদৃঢ় ও সত্য পথে চলার তৌফিক দান করুন।
অতিথিবৃন্দ আরো বলেন পবিত্র ১২ রবিউল আউয়াল-মানব ইতিহাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও বরকতময় একটি দিন। আজ থেকে চৌদ্দশত বছর আগে এই পুণ্য তিথিতেই বিশ্বনবী পৃথিবীতে এসেছিলেন, আবার একই দিনে তিনি তাঁর নশ্বর জীবনের ইতি টেনে মহান রবের সান্নিধ্যে গমন করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনেই ঘোষণা করেছেন, বিশ্বনবীকে কেবল একটি নির্দিষ্ট জাতি বা সময়ের জন্য পাঠাননি; বরং তিনি সমগ্র সৃষ্টিজগতের জন্য অসীম রহমত।
অনুষ্ঠানের আয়োজক কবি মনিরুল ইসলামকে এ উদ্যোগের জন্য অতিথিবৃন্দ ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে সভাপতি একেএম গোলাম সরওয়ার তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, কবি মোহাম্মদ মনিরুল ইসলাম পবিত্র ১২ রবিউল আউয়াল ২০২৫ সাল থেকে স্মরণিকা প্রকাশ ও দোয়া অনুষ্ঠানের মাধ্যম দিয়ে উদযাপন শুরু করেন এক মহৎ উদ্দেশ্য নিয়ে। দ্বিতীয় বারের মত এবারও তিনি আরো বড় পরিসরে এ অনুষ্ঠানের আয়োজন করেছেন। তিনি আরো বলেন, প্রতি বছর এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে শান্তি সাহিত্য কুঠিরের ব্যানারে একটি কার্যকরী কমিটি গঠন করা প্রয়োজন। এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন কবি মোহাম্মদ মনিরুল ইসলামের নাম প্রস্তাব করেন। উল্লেখ্য, শান্তি সাহিত্য কুঠির সাহিত্য চর্চা, সাংবাদিকতা, গবেষনা ও বিশিষ্টজনদের জীবনী নিয়ে অনুষ্ঠান আয়োজনে একটি বহুমুখী প্রতিষ্ঠান।
