, , ,

শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

আরো খবর

কেশবপুর/খেদাপাড়া(মণিরামপুর) প্রতিনিধি:

যশোরের মনিরামপুরে ধানখেতে জমে থাকা পানিতে শাপলা তুলতে গিয়ে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাঠি গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

নিহত শিশুরা হলো হাজরাকাঠি গ্রামের ওলিয়ার রহমানের ৬ বছর বয়সী মেয়ে ইয়াসমিন খাতুন এবং মফিজুর রহমানের ১০ বছর বয়সী ছেলে জিসান হোসেন। তারা দুজনই স্থানীয় হাজরাকাঠি মহিলা আলীম মাদ্রাসার শিক্ষার্থী ছিল ইয়াসমিন প্রথম শ্রেণিতে এবং জিসান চতুর্থ শ্রেণিতে পড়ত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে হাজরাকাঠি দাসপাড়া মোড় সংলগ্ন পারখাজুরা বাঁওড়ের আগাড়ের জলাবদ্ধ ধানখেতে ৫-৬ জন শিশু মিলে শাপলা তুলতে নামে। শাপলা তোলার একপর্যায়ে ইয়াসমিন হঠাৎ গভীর পানিতে তলিয়ে যেতে থাকে। তাকে সহপাঠী ডুবে যেতে দেখে জিসান তাকে বাঁচাতে এগিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত পানির গভীরতা বেশি থাকায় দুজনই আর উঠে আসতে পারেনি এবং পানিতে ডুবে মারা যায়।

 

ঘটনার পর স্বজনেরা দ্রুত ইয়াসমিনকে উদ্ধার করে পার্শ্ববর্তী কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের হাজরাকাঠি ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেন এই শোকাবহ ঘটনার সত্যতা নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেন।

এদিকে দুই কোমলমতি শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে এলাকায় এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানে নেমে এসেছে শোকের ছায়া। হাজরাকাঠি মহিলা আলীম মাদ্রাসার গণিত শিক্ষক শেখ আজাদ গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, “আমাদের প্রতিষ্ঠানের দুই শিশু শিক্ষার্থীর এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

আরো পড়ুন

সর্বশেষ