সাতক্ষীরা/শ্যামনগর প্রতিনিধি:
শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরাম। বুধবার ৯ সেপ্টেম্বর সকাল ১১টায় শ্যামনগর উপজেলা বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে বক্তারা অভিযোগ করেন, শ্যামনগর পৌরসভা গঠনের জন্য সরকার নির্ধারিত প্রয়োজনীয় শর্ত ও বাস্তবতা পূরণ হয়নি। একটি মহল নিজেদের ব্যক্তি স্বার্থে জনগণের মতামত ও স্বার্থ উপেক্ষা করে পৌরসভা বাস্তবায়নে ভূমিকা রেখেছিল। ফলে সাধারণ মানুষ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
ফোরামের সভাপতি গাজী আশরাফুজ্জামানের সভাপতিত্বে এবং মাসুম বিল্লার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ভুরুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য বাবলুর রহমান, প্রফেসর হাবিবুর রহমান, রবিউল ইসলাম, ইউপি সদস্য শুকুর আলী, রনজিত দেবনাথ, ঠিকাদার কল্যাণ সমিতির সাবেক সভাপতি শেখ জাবের হোসেন, শ্যামনগর সদর ইউপি সদস্য মোক্তার হোসেন ও বিএনপি নেতা আবু সাঈদ।
বক্তারা বলেন, পৌরসভা হওয়ার পরও নাগরিক সুবিধা বাড়েনি। বরং হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন ক্ষেত্রে জনগণের উপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। অথচ পৌরসভার জন্য প্রয়োজনীয় অবকাঠামো, জনসংখ্যা ও অর্থনৈতিক মানদণ্ড পূরণ হয়নি।
মানববন্ধন থেকে বক্তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সরকারের দৃষ্টি আকর্ষণ করে অনতিবিলম্বে শ্যামনগর পৌরসভা বাতিলের জোর দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
মানববন্ধন চলাকালে শ্যামনগরের বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
