সাদনান রহমান সিয়াম, সাতক্ষীরা:
সাতক্ষীরার পাটকেলঘাটায় শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. রওশন শেখ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বক্কর সিদ্দিক এই রায় ঘোষণা করেন।
পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ছয় মাস কারাভোগ করতে হবে তাকে।
আদালত সূত্র জানায়, মামলাটি পাটকেলঘাটা থানায় ২০২৫ সালের ২৩ মে নথিভুক্ত হয়। যার জিআর নম্বর ৪৩/২৫ এবং শিশু সহিংসতা মামলা নম্বর ১৫৯/২৬। মামলার বাদী মো. কামরুল শেখ। শুরুতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৪)(খ) ধারায় মামলা রুজু হলেও তদন্ত শেষে একই বছরের ৬ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
পরবর্তীতে চলতি বছরের ১২ এপ্রিল ওই আইনের ৯(১) ও ৯(৪)(খ) ধারায় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার চলাকালে আদালত ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন। এর মধ্যে ৮ জন প্রত্যক্ষদর্শী সাক্ষী, একজন চিকিৎসক, একজন তদন্তকারী কর্মকর্তা ও ফৌজদারি কার্যবিধির ২২ ধারায় জবানবন্দি রেকর্ডকারী একজন বিচারিক ম্যাজিস্ট্রেট ছিলেন।
রায়ে বিচারক উল্লেখ করেন, ৯(১) ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হলো।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর শেখ আলমগীর আশরাফ এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট ওয়ালীউল্লাহ।
