, , ,

সাতক্ষীরায় এমপি গাজী নজরুলের কুশপুত্তলিকা দাহ করে বিচারের দাবি

আরো খবর

সাদনান রহমান সিয়াম,সাতক্ষীরা:
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে ‘সচেতন নাগরিক সমাজ’ এর ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের হয়। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় নাগরিক নেতা আসাদুজ্জামান মিটু, আবুল কালাম মড়ল, রেজাউল ইসলাম, আসিসুর রহমান, নূরনগরের আবুল ইউসুফ সহ অন্যান্যরা।

সমাবেশে বক্তারা বলেন, মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। এই ঘটনা যেন কোনোভাবেই ধামাচাপা না পড়ে। নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করে যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনতে হবে।

এসময় গাজী নজরুল ইসলামের বাড়ির পাশের বাসিন্দা ও সাবেক জামায়াত কর্মী শাহজাহান বলেন, “আমি আগে জামায়াতের কর্মী ছিলাম। যারা এখনো জামায়াতে আছেন বা ছিলেন, তাদের চোখ খোলা উচিত। একজন মানুষের চারিত্রিক ও মানবিক দিকগুলো বিবেচনা করা দরকার।

বিক্ষোভকারীরা মরিয়মের মৃত্যুর বিচার নিশ্চিত করার পাশাপাশি সাতক্ষীরা-৪ আসনে উপনির্বাচনের দাবি জানান। সমাবেশ শেষে তারা এমপি গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন এবং তার ফাঁসির দাবিতে স্লোগান দেন।

উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও শ্যালক ওবায়দুল্লাহকে আসামি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করেছে।

আরো পড়ুন

সর্বশেষ