, , ,

সাতক্ষীরা সীমান্তে কোটি টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ

আরো খবর

সাদনান রহমান সিয়াম, সাতক্ষীরা:
সাতক্ষীরা সীমান্তে পৃথক দুটি অভিযানে প্রায় ১ কোটি ৩৯ লাখ টাকা মূল্যের ভারতীয় হেরোইন ও মাদক তৈরির রাসায়নিক কাঁচামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ ও ৫ নভেম্বর সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত পদার্থগুলো পরীক্ষার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পাঠানো হলে সেখানে বৈজ্ঞানিক পরীক্ষায় সেগুলোতে মাদক ও মাদক তৈরির নিষিদ্ধ রাসায়নিক উপাদানের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়।

প্রথম অভিযানটি চালানো হয় ৩ নভেম্বর সকালে। ১৭ বিজিবির অধীন শাখরা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের শাখরা ব্রিজ সংলগ্ন বাঁশবাগান এলাকায় তল্লাশি চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতের তৈরি ‘মার্টিনি ড্রাগস’ লেখা ২০০ মিলিলিটারের পাঁচটি বোতল উদ্ধার করা হয়। বিজিবির ভাষ্য অনুযায়ী, এসব তরল পদার্থ হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। উদ্ধারকৃত কাঁচামালের আনুমানিক বাজারমূল্য ৯৭ লাখ ৫০ হাজার টাকা।

দ্বিতীয় অভিযানটি হয় ৫ নভেম্বর ভোরে। একই বিওপির টহল দল কুলিয়া রোড সংলগ্ন ঋষিপাড়া বড় বাগান এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৬৬ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করে। যার বাজারমূল্য প্রায় ৪১ লাখ ৩২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। তবে টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

দুই অভিযানে সব মিলিয়ে জব্দকৃত মাদক ও কাঁচামালের মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৩৮ লাখ ৮২ হাজার টাকা।

এ বিষয়ে ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। জব্দকৃত উপাদানগুলো পরীক্ষায় নিষিদ্ধ মাদক ও কেমিক্যাল হিসেবে প্রমাণিত হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ