সাদনান রহমান সিয়াম, সাতক্ষীরা :
সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে পরিবারের সদস্যদের অজ্ঞান করে ১৮ ভরি স্বর্ণালংকার ও ৪ লাখ নগদ টাকা লুট করে নেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর রাতে ওই বাড়িতে রাতের খাবারের সঙ্গে কৌশলে চেতনানাশক মেশানো হয়। পরিবারের সদস্যরা সেই খাবার খাওয়ার পর অচেতন হয়ে পড়েন। এই সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে আলমারি ও ড্রয়ার ভেঙে ১৮ ভরি স্বর্ণ ও ৪ লাখ টাকা নিয়ে যায় বলে অভিযোগ করা হচ্ছে।
পরদিন ৫ নভেম্বর সকালে বাড়ির লোকজনের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরে গিয়ে তাঁদের অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাঁদের দ্রুত উদ্ধার করে সাতক্ষীরার ব্লিস হাসপাতালে ভর্তি করা হয়।
অসুস্থদের মধ্যে গৃহকর্তা ও তাঁর ছেলে সবুজ রয়েছেন। তাঁরা বর্তমানে চিকিৎসাধীন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনায় হরিহরনগর গ্রামসহ আশপাশের এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
