ভ্রাম্যমান প্রতিনিধি:
যশোরের চৌগাছা উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হাসপাতালের সেবার মানোন্নয়ন, নতুন ইউনিট চালু এবং ১০০ শয্যায় উন্নীতকরণ কার্যক্রম নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রবিবার( ১৭ মে) সকালে হাসপাতাল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমির সঞ্চালনায় এসময় সভায় উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা, এনজিও প্রতিনিধি ও আদদ্বীন হাসপাতালের পরিচালক ডা. ইমদাদুল হক, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুচ আলী দফাদার, পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল, চৌগাছা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী এবং প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফরসহ প্রমুখ ।
সভায় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ তাঁর এমপি হিসেবে প্রাপ্ত প্রথম মাসিক বেতনের অর্ধাংশ অর্থ চৌগাছা হাসপাতালে এবং বাকি অর্ধাংশ ঝিকরগাছা হাসপাতালে অনুদান হিসেবে দেন।
এছাড়া সংসদ সদস্য হিসেবে সরকার থেকে প্রাপ্ত সমুদায় বেতন দুই উপজেলার হাসপাতালে রোগীদের কল্যানার্থে দান করার ঘোষণা দেন তিনি। অন্যদিকে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিছন্ন রাখা সকল কার্যক্রমে গতি আনার জন্য কমিউনিটি পার্টিসিপেন্টের আওতায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা হাসপাতালের জন্য ৩০ জন স্বেচ্ছাসেবীর বেতন ব্যক্তিগত উদ্যোগে বহনের অঙ্গীকার করেন।
এ সময় হাসপাতালে ডেন্টাল কর্নারের উদ্বোধন করা হয়। পাশাপাশি আই ইউনিট কর্নার চালুর বিষয়ে আদ-দ্বীন হাসপাতালের পক্ষ থেকে সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়।
সভায় আগামী ১৩ জুন চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণের উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম গ্রহণ করা হয়।
