সাব্বির হোসেন:
যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের কাশিপুর গ্রামে লিজের মেয়াদ শেষ হওয়ার দুই বছর পরও একটি পুকুর জোরপূর্বক দখলে রাখার অভিযোগ উঠেছে আলমগীর হোসেন নামে এক লিজগ্রহীতার বিরুদ্ধে। পুকুরের অংশীদার মালিক নুরুজ্জামান দাবি করেছেন, তাদের মালিকানাধীন জমির লিজ নবায়ন না করা হলেও আলমগীর হোসেন প্রভাব খাটিয়ে সেই অংশ দখলে রেখেছেন। এ ঘটনায় নিজের জমির অংশ বুঝে পেতে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।
ভুক্তভোগী নুরুজ্জামান জানান, মির্জাপুর মৌজার ৩৬১ নম্বর খতিয়ানের ১১৫৩ নম্বর দাগে অবস্থিত প্রায় ২ একর ৪৮ শতক আয়তনের একটি পুকুর আলমগীর হোসেন লিজ নিয়েছিলেন। এর মধ্যে ৯১ দশমিক ৫ শতক জমির মালিক তার পিতা সেকেন্দার মোল্লা। দুই বছর আগে লিজের মেয়াদ শেষ হওয়ার পর পুকুরের অন্যান্য অংশীদাররা লিজ নবায়ন করলেও তারা আর নতুন করে লিজ দেননি।
নুরুজ্জামানের অভিযোগ, পুকুরের মোট জমির মধ্যে ১৫৬ দশমিক ৫ শতক অংশের মালিকদের কাছ থেকে আলমগীর হোসেন ৩৩ শতক জমি ক্রয় করেছেন এবং অন্য অংশীদারদের সঙ্গে নতুন করে লিজ চুক্তি করেছেন। কিন্তু তাদের মালিকানাধীন জমির ক্ষেত্রে কোনো বৈধ চুক্তি বা মালিকানা না থাকা সত্ত্বেও তিনি সেই অংশ ছাড়ছেন না।
তিনি আরও বলেন, “গত পাঁচ বছরে আমরা মাত্র এক বছরের লিজের টাকা পেয়েছি। এছাড়া পূর্বেও আলমগীর হোসেন প্রভাব খাটিয়ে পুকুর থেকে জোরপূর্বক মাটি কেটে নিয়েছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয় থানায় লিখিত অভিযোগও করা হয়েছিল।”
জমি উদ্ধারের জন্য ঝিকরগাছা সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান নুরুজ্জামান। তিনি বলেন, আদালতে ১৪৪ ধারা জারির আবেদন করা হলেও আদালত তা মঞ্জুর না করে মামলাটি নথিভুক্ত করেন এবং পুকুর থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেন।
নুরুজ্জামানের দাবি, ইউসুফ মোল্লা ও আব্দুর রহমানের সহযোগিতায় আলমগীর হোসেন এখনও পুকুরের দখল ধরে রেখেছেন। এছাড়া নিজের জমির অংশ বুঝে দিতে বললে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে নুরুজ্জামান বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের মাধ্যমে ন্যায়বিচার চাই এবং আমার পৈত্রিক সম্পত্তির অংশ বুঝে পেতে চাই।”
অভিযোগের বিষয়ে আলমগীর হোসেনের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি অসুস্থতার কথা জানিয়ে পরে কথা বলবেন বলে ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন। ফলে এ বিষয়ে তার বিস্তারিত বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
